অনেকে গরম-গরম স্যুপ ও নুডলস খেতে পছন্দ করেন। কিন্তু উত্তর কোরিয়াবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার ঠান্ডা নুডলস। তাঁদের এই ঠান্ডা নুডলসের নাম পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। বাকহুইট বা ঢেমশির আটা থেকে তৈরি লম্বা লম্বা সেদ্ধ নুডলস ছেড়ে দেওয়া হয় হালকা স্বাদের ঠান্ডা গরু বা শূকরের মাংসের ঝোল এবং মুলার টক-মিষ্টি স্বাদের ঝোলমিশ্রিত তরলে। এতে মাংসের পাতলা টুকরা, শসা, কোরিয়ান নাশপাতির ফালি এবং সেদ্ধ ডিম যোগ করে পরিবেশন করা হয় পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। স্বাদ বাড়াতে ভিনেগার, সরিষাবাটা ও কখনো সামান্য চিনি দেওয়া হয়। উত্তর কোরিয়ায় বিশেষ উৎসব, বিয়ে বা রাষ্ট্রীয় আয়োজনে অত্যন্ত সমাদৃত খাবারটি। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে ঐতিহ্যগতভাবে এই নুডলস না কেটে খাওয়া হয়। তীব্র গরম থেকে শরীরকে তাৎক্ষণিক শীতল ও সতেজ করতে খাবারটি গরমের দিনে বেশি খাওয়া হয়। কিন্তু অতীতে এটি ছিল শীতকালীন খাবার। তখন শীতের দিনে মাটির নিচে পাত্রে রাখা বরফঠান্ডা মুলার কিমচির টক পানির সঙ্গে এই নুডলস খাওয়া হতো।
ছবি: সংগৃহীত