ব্রাজিলের জনপ্রিয় জলখাবার অথবা বলা যায় স্ট্রিট ফুড হলো কোশ্যিনইয়া। ঊনবিংশ শতাব্দীতে ব্রাজিলের সাও পাওলো প্রদেশে খাবারটির উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয়। প্রচলিত লোককথা অনুযায়ী, ব্রাজিলের রাজকন্যা ইসাবেলের এক ছেলে মুরগির রান বা ড্রামস্টিক খেতে খুব ভালোবাসতেন, কিন্তু হাড় পছন্দ করতেন না। রাজপরিবারের রাঁধুনি তাঁকে খুশি করতে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে ড্রামস্টিকের আকৃতিতে খাবারটি তৈরি করেছিলেন। পর্তুগিজ ভাষায় কোশ্যিনইয়া হলো ‘ছোট ঊরু’। মাংসের পুর ভরা নাশতাটি তৈরি করতে প্রথমে ময়দা এবং মুরগির স্টক দিয়ে নরম খামির ময়ান করে নিতে হয়। মুরগির ঊরুর আকৃতি দিয়ে খামিরের ভেতর পুর দিতে হয় মসলা দিয়ে রান্না ঝুরি করা মুরগির মাংস, পেঁয়াজ, রসুন এবং ব্রাজিলের ঐতিহ্যবাহী নরম ক্রিম চিজে। অনেক সময় পুরে আলুও যোগ করা হয়। ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে পরিবেশন করতে হয় কোশ্যিনইয়া। ১৯২০-এর দশকে সাও পাওলোর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে এটি সাশ্রয়ী এবং সুস্বাদু নাশতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্রাজিলে প্রতিবছর ১৮ মে ‘কোশ্যিনইয়া দিবস’ পালন করা হয়।
ছবি: সংগৃহীত