দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত। গবেষকদের মতে, পাহাড়ের খাড়া পাথরের দেয়ালে আঁকা চিত্রগুলোর বয়স ২ হাজার থেকে ১২ হাজার বছর। প্রাচীন মানুষের কাছে সহজলভ্য খনিজ রং দিয়েই ছবিগুলো এঁকেছিল মালয়েশিয়ার উপদ্বীপ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী ওরাং আসলি। তাম্বুন শিলাচিত্রে ছয় শতাধিক আলাদা ছবি পাওয়া গেছে। প্রাচীন মানুষদের দৈনন্দিন জীবন, শিকার, আচার-অনুষ্ঠানের দৃশ্য, বুনো শূকর, হরিণ, জ্যামিতিক কিংবা বিমূর্ত নকশা ইত্যাদি ফুটে উঠেছে সেসব চিত্রে। বর্তমানে এই স্থান মালয়েশিয়ার একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তবে প্রাকৃতিক ক্ষয়, আবহাওয়া এবং মানুষের হস্তক্ষেপের কারণে কিছু চিত্র ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত