হোম > নারী > আইনি পরামর্শ

উত্তরণ

ব্যবসায় লোকসান হওয়া মানে আইনগতভাবে প্রতারণা নয়

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। ছবি: সংগৃহীত

আমি একটি ফুড শপ ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসার হিসাব এবং পরিস্থিতি ধরে রাখতে পারিনি। বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া প্রতিটি টাকা ব্যবসার পেছনে খরচ করেছি। একপর্যায়ে দৈনিক পরিচালন খরচ চালাতে হিমশিম খেয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য হই। দোকানটি বিক্রি করার পর যে সামান্য টাকা পেয়েছিলাম, প্রচণ্ড চাপের মুখে পড়ে তা বিনিয়োগকারীদের একজনকে দিয়ে দিই। কিন্তু বাকি বিনিয়োগকারীরা এখন আমার ওপর মানসিক নির্যাতন চালাচ্ছেন। একজন আমাকে উকিল নোটিশ পাঠিয়েছেন এবং বাকিরা আমার বিরুদ্ধে প্রতারণা এবং চেক বাউন্সের মামলা করার হুমকি দিচ্ছেন। এই পুরো পরিস্থিতিতে মানসিকভাবে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি। আমার শারীরিক অবস্থাও এখন খুব সংকটাপন্ন। আমার কাছে সব মেডিকেল ডকুমেন্ট রয়েছে এবং চিকিৎসক আমাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। চেক বাউন্স কিংবা প্রতারণার মামলার এই হুমকি থেকে বাঁচতে চাই। এ ছাড়া আইনি উপায়ে সময় আদায় করার কোনো পথ আছে কি?

মেহের নাজ, বরিশাল

উত্তর: ব্যবসায় লোকসান হওয়া মানেই যে শুধু আইনগতভাবে প্রতারণা হয়েছে, বিষয়টি এমন নয়। তবে আপনার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আনা হতে পারে এবং তার জবাব কী হবে, সেটি পুরোপুরি নির্ভর করবে টাকা নেওয়ার সময় কী ধরনের চুক্তি ছিল, কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং চেকগুলো কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

প্রতারণার মামলা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হবে না। যদি আপনি সত্যিই ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগ নিয়ে থাকেন এবং সেই অর্থ ব্যবসায় ব্যয় করেন, তাহলে শুধু ব্যবসা ব্যর্থ হওয়ার কারণে প্রতারণা প্রমাণিত হয় না। প্রতারণা প্রমাণ করতে হলে সাধারণত দেখাতে হয়, শুরু থেকে প্রতারণার উদ্দেশ্য ছিল কিংবা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে অর্থ নেওয়া হয়েছে। ব্যবসা বাস্তবে পরিচালিত হয়েছে, দোকান ছিল, ভাড়া, কর্মচারী, সরবরাহকারী ইত্যাদির খরচ হয়েছে—এসব দেখাতে পারলে আপনার সুবিধা হবে। ব্যবসা বন্ধ হওয়ার পর দোকান বিক্রি করে যে অর্থ পেয়েছেন, তা দিয়ে একজন বিনিয়োগকারীকে পরিশোধও করেছেন। তাই আপনার উদ্দেশ্য পালিয়ে যাওয়া নয়; বরং সময় নিয়ে বাকি অর্থ পরিশোধ করা।

চেক বাউন্সের মামলা হতে পারে। যদি আপনার দেওয়া চেক ব্যাংকে উপস্থাপনের পর আইনগত কারণে অসম্মানিত হয় এবং আইনের প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করা হয়, তাহলে চেকসংক্রান্ত মামলা হতে পারে।

তবে আপনাকে মনে রাখতে হবে, প্রতিটি মামলার নিজস্ব প্রতিরক্ষা থাকে। চেকটি কী উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, তখন প্রকৃত দেনা কত ছিল, চেকটি নিরাপত্তা হিসেবে দেওয়া হয়েছিল কি না—এসব বিষয় একজন আইনজীবী নথিপত্র দেখে মূল্যায়ন করবেন।

আপনার বর্তমান শারীরিক অবস্থা কিছু ক্ষেত্রে আপনাকে আইনি সুবিধা দিতে পারে; তবে এটি মামলা থেকে অব্যাহতি দেয় না। যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ আপনাকে দেওয়া হয়, বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট থাকে, গুরুতর অসুস্থতার প্রমাণ থাকে, তাহলে আদালতের কাছে সময় চাওয়া, ব্যক্তিগত হাজিরা থেকে সাময়িক অব্যাহতি চাওয়া বা চিকিৎসার জন্য সময় প্রার্থনা করার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে। আদালত নথিপত্র দেখে সিদ্ধান্ত নেবেন।

এই সময় যা যা করবেন

  • লিগ্যাল নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে দিন।
  • সব বিনিয়োগকারীর সঙ্গে হওয়া চুক্তি, টাকা নেওয়ার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, দোকানের ভাড়ার রসিদ, ক্রয়ের বিল, বিক্রির হিসাব, দোকান বিক্রির দলিল—সব সংরক্ষণ করুন।
  • আপনার সব মেডিকেল রিপোর্ট এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শের কপি সংগ্রহ করে রাখুন।
  • কারও ফোন কল বা হুমকির রেকর্ড, মেসেজ ও অন্যান্য যোগাযোগ সংরক্ষণ করুন।
  • সম্ভব হলে বিনিয়োগকারীদের কাছে লিখিতভাবে জানিয়ে দিন যে আপনি পালিয়ে যাচ্ছেন না; চিকিৎসা এবং আর্থিক সংকট কাটিয়ে একটি বাস্তবসম্মত পরিশোধ পরিকল্পনা আপনি করতে চান।
  • একজন ফৌজদারি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন।

পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট