ব্রিটিশ সাংবাদিক ও নারীবাদী লেখক নাতাশা ওয়াল্টার তাঁর নতুন বই ‘ফেমিনিজম ফর আ ওয়ার্ল্ড অন ফায়ার’-এ জলবায়ু পরিবর্তন, নারীবাদ ও নারী অধিকারের যোগসূত্র তুলে ধরেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত বইটি নিয়ে লন্ডনের একটি ক্যাফেতে ‘দ্য গার্ডিয়ান’-এর সঙ্গে কথা বলেন তিনি।
নাতাশার মতে, জলবায়ু পরিবর্তন নারীদের ওপর নির্যাতন ও বৈষম্যের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাই নারীবাদকে এখন পরিবেশবাদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে যুক্ত করে দেখতে হবে। নারীবাদ আর শুধু নারীর ব্যক্তিস্বাধীনতা কিংবা সমান অধিকারের আন্দোলন নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশ, জলবায়ু ন্যায়বিচার এবং সমাজের ক্ষমতাকাঠামো পরিবর্তনের প্রশ্ন।
১৯৯৮ সালে প্রকাশিত ‘দ্য নিউ ফেমিনিজম’ বইয়ে মার্গারেট থ্যাচার কীভাবে নারীদের জন্য পথ তৈরি করেছিলেন, তা লিখেছিলেন নাতাশা। তিনি বলছেন, পরিবেশবাদ ছাড়া নারীবাদ হলো মানুষহীন গ্রহে নারীকেন্দ্রিক আন্দোলন, আর নারীবাদ ছাড়া পরিবেশবাদ হলো বনের মধ্যে পিতৃতন্ত্র।
জলবায়ু পরিবর্তন সমাজে আগে থেকে থাকা বৈষম্য আরও গভীর করে। খাদ্যসংকট দেখা দিলে অনেক পরিবারে নারী ও মেয়েরা পুরুষদের তুলনায় কম খাবার পান। পরিবারের আর্থিক সামর্থ্য কমে গেলে ছেলেদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও মেয়েদের স্কুল থেকে সরিয়ে নেওয়া হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে দেওয়ার ঝুঁকিও বাড়ে।
জাতিসংঘের জেন্ডার স্ন্যাপশট-২০২৪ প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে আরও ১৫ কোটি ৮০ লাখ নারী ও কন্যাশিশু দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। একই সময়ের মধ্যে দারিদ্র্যের শিকার হতে পারে আরও ১৪ কোটি ২০ লাখ পুরুষ ও ছেলে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে দারিদ্র্য বাড়ার ক্ষেত্রে নারী ও মেয়েদের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০৩০ সালেও বিশ্বে ১১০ কোটি নারী ও মেয়ে খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগতে পারে।
অনেক অঞ্চলে পরিবারের জন্য খাবার, পানি ও জ্বালানি সংগ্রহের দায়িত্ব নারীদের ওপর বেশি থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব সম্পদের সংকট দেখা দিলে তাঁদের আরও দূরে যেতে হয়, বেশি সময় ও শ্রম দিতে হয়। এর প্রভাব মেয়েদের ওপরও পড়ে। মায়ের সঙ্গে পানি বা জ্বালানি সংগ্রহে গিয়ে অনেক মেয়েকে স্কুলের পড়াশোনা ছাড়তে হয়।
বলিভিয়ার পরিবেশবিষয়ক সাংবাদিক মরিয়ম জেমিওর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের এই ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পায় না। তিনি বলিভিয়ার পূর্বাঞ্চলের চিকিতানিয়া এলাকার আদিবাসী নারীদের উদাহরণ দিয়েছেন। সেখানে পরিবারের জন্য পানি সংগ্রহের দায়িত্ব নারীদের। কিন্তু পানির সংকট বাড়ায় কোনো কোনো মৌসুমে তাদের অন্য গ্রাম, এমনকি নিকটবর্তী শহর পর্যন্ত যেতে হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ, বন্যা, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ছে। এসব দুর্যোগে নারীরা অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর পেছনে রয়েছে তথ্য, চলাচল, সিদ্ধান্ত গ্রহণ, সম্পদ ও প্রশিক্ষণ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য।
নাতাশা ওয়াল্টার ২০০৭ সালের একটি গবেষণার উল্লেখ করে বলেন, জলবায়ুজনিত দুর্যোগে পুরুষের তুলনায় নারীদের মৃত্যুহার বেশি হতে পারে। ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামির উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই দুর্যোগে নারীদের ডুবে মারা যাওয়ার হার বেশি ছিল। এর একটি কারণ ছিল, অনেক নারী জীবনে সাঁতার শেখার সুযোগই পায়নি।
তবে দুর্যোগে নারী-পুরুষের মৃত্যুহারের ব্যবধান সব সমাজে এক রকম নয়। যেসব সমাজে নারী-পুরুষের মধ্যে তুলনামূলক বেশি সমতা রয়েছে, সেখানে এই ব্যবধান কম হতে পারে। নাতাশা ওয়াল্টার যুক্তরাষ্ট্রের একটি গবেষণার কথা উল্লেখ করেছেন, যেখানে প্রাকৃতিক দুর্যোগে পুরুষদের মৃত্যুহার বেশি দেখা গেছে।
দুর্যোগের পর নারীরা ত্রাণ ও সহায়তা পাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে পারে। এতে তাদের জীবিকা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া আরও কঠিন হয়ে ওঠে। একই সঙ্গে মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্যও ঝুঁকিতে পড়ে। প্রচণ্ড তাপপ্রবাহে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়তে পারে। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু ও জিকার মতো মশাবাহিত রোগের বিস্তারও সহজ হতে পারে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে নারীর প্রতি সহিংসতার সম্পর্ক বোঝাতে নাতাশা ওয়াল্টার যুক্তরাষ্ট্রের হারিকেন ক্যাটরিনার পরের পরিস্থিতির কথা তুলে ধরেছেন। গবেষণায় দেখা গেছে, ওই দুর্যোগের পর অস্থায়ী ট্রেলার পার্কে আশ্রয় নেওয়া নারীদের ওপর পারিবারিক সহিংসতা বেড়েছিল। ২০১৯-২০ সালে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের পরও একই ধরনের প্রবণতা দেখা যায়।
জাতিসংঘের একটি স্পটলাইট প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন সামাজিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়ে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। ওই প্রতিবেদনে উল্লেখ করা একটি গবেষণায় দেখা গেছে, তাপপ্রবাহের সময় নারীদের হত্যা বা ফেমিসাইডের ঘটনা ২৮ শতাংশ বেড়েছিল। জরুরি পদক্ষেপ না নিলে এই শতকের শেষ নাগাদ ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নারীর প্রতি সহিংসতার প্রতি ১০টি ঘটনার একটির সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
কেন এমন হয়, তার ব্যাখ্যায় নাতাশা ওয়াল্টার বলেন, সংকট মানুষের ওপর প্রচণ্ড মানসিক ও অর্থনৈতিক চাপ তৈরি করে। পুরুষেরা অনেক সময় সেই চাপ নারীদের ওপর প্রয়োগ করেন। আবার সংকটে থাকা কোনো সম্প্রদায় যখন মনে করে, তাদের এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, তখন নিজেদের চেয়ে দুর্বল কারও ওপর আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা তৈরি হতে পারে।
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে, আবার মানুষকে বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হতে পারে। এমন পরিস্থিতিতে নারীদের যৌন সহিংসতা, মানব পাচার ও বাল্যবিবাহের ঝুঁকি বাড়ে; বিশেষ করে সংঘাতপ্রবণ ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল এলাকায় জলবায়ু সংকট বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
২০০৬ সালে ‘উইমেন ফর রিফিউজি উইমেন’ নামে একটি দাতব্য সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন নাতাশা। নিপীড়ন থেকে পালিয়ে আসা নারীদের অনেকে শুধু নিজ দেশে নয়, দেশ ছাড়ার পরও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছেন। যাত্রাপথে অন্য অভিবাসী, মানব পাচারকারী কিংবা সীমান্ত পুলিশের কাছেও নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তাঁরা জানিয়েছেন তাঁকে।
নাতাশার মতে, কোনো বৈষম্যমূলক ব্যবস্থায় শুধু নারীদের উচ্চ পদে বসানো যথেষ্ট নয়। নারীরা ক্ষমতার শীর্ষে উঠলেও যদি সেই ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা না করেন, তাহলে কাঠামোগত বৈষম্য থেকেই যায়।
নাতাশার বক্তব্য, মূলধারার নারীবাদ অনেকটা করপোরেট ও ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে। ‘তুমি পারবে’, ‘নিজের উচ্চাকাঙ্ক্ষাকে গুরুত্ব দাও’, ‘আরও ওপরে ওঠো’—এ ধরনের বার্তায় ব্যক্তিগত সাফল্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সমাজের কাঠামোগত বৈষম্য দূর করার প্রশ্নটি আড়ালে থেকে যাচ্ছে।
বাংলাদেশের উপকূলীয় নারীদের পরিস্থিতি এই বৈষম্যের একটি উদাহরণ। শহরের অনেক নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা পেলেও উপকূলের বহু নারী নিরাপদ পানির অভাবে মাসিকের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন না। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ব্র্যাকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উপকূলীয় এলাকার অনেক তরুণী এমন পরিস্থিতিতে জন্মনিয়ন্ত্রণের ওষুধ খেয়ে মাসের পর মাস মাসিক বন্ধ রাখেন!
আইসিডিডিআরবি এবং আন্তর্জাতিক জলবায়ু গবেষকদের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি লবণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই মাত্রা আরও বাড়ছে। ফলে পানির সংকট শুধু দৈনন্দিন জীবনেই নয়, নারীদের প্রজনন এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে।
এ ধরনের বাস্তবতা বিবেচনায় নিয়েই নাতাশা ওয়াল্টার ‘ইকোফেমিনিজম’ বা পরিবেশবাদী নারীবাদকে গুরুত্বপূর্ণ মনে করেন। তাঁর মতে, বর্তমান সংকটে এমন নারীবাদ প্রয়োজন, যা শুধু নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকারের কথা বলবে না; দারিদ্র্য, পরিবেশ বিপর্যয়, বৈষম্য এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের কথাও বলবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারীরা বেশি বহন করলেও সমাধানের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠীর নারীরা পরিবেশ রক্ষা ও জলবায়ু অভিযোজনের নানা উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে।
কলম্বিয়ার তুমাকো অঞ্চলের কনচেরা বা শামুক-ঝিনুক সংগ্রহকারী নারীদের উদাহরণ দিয়েছে জাতিসংঘ। কয়েক প্রজন্ম ধরে তারা স্থানীয় ম্যানগ্রোভ বনে জন্মানো একধরনের ঝিনুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু ম্যানগ্রোভ বন ধ্বংস হওয়ায় ঝিনুকের উৎপাদন কমে যেতে থাকে। এরপর নারীরা একত্র হয়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু করে।
ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার হলে তাদের জীবিকা ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি পানি পরিশোধন, উপকূল সংরক্ষণ এবং কার্বন শোষণেও ভূমিকা রাখবে। ওই উদ্যোগে যুক্ত রাইসেস দেল মাংলার অ্যাসোসিয়েশনের সদস্য ম্যাগনোলিয়া অরদোনেজ বলেন, ম্যানগ্রোভ বন থেকে তাঁরা ঘুরে দাঁড়ানোর শিক্ষা পেয়েছেন। এই উদ্যোগ তাঁদের ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অন্য নারীদের সহযোগিতা করার গুরুত্বও শিখিয়েছে।
নাতাশা ওয়াল্টারের মতে, জলবায়ু বিপর্যস্ত পৃথিবীতে শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবলে চলবে না; বৃহত্তর সমাজ ও পরিবেশের সঙ্গে নিজের সম্পর্কও বুঝতে হবে। তবে এর অর্থ ব্যক্তিস্বাধীনতা বিসর্জন দেওয়া নয়। নারীর নিরাপত্তা, শিক্ষা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীবাদের মৌলিক ভিত্তি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, ইউএন উইমেন, ব্র্যাক