হোম > নারী

শুভ জন্মদিন কোকো শ্যানেল

ফিচার ডেস্ক

গ্যাব্রিয়েল কোকো শ্যানেল। ছবি: সংগৃহীত

একটা সময় ছিল, যখন ফ্যাশন মানেই ছিল নারীদের শরীর শক্ত কোরসেটে পিষে দমবন্ধ করে রাখা। অর্থাৎ ভারী পোশাকের নিচে শরীরের স্বাধীনতা বন্দী করে রাখা। ঠিক তখনই ফরাসি ফ্যাশনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের। তিনি বলেছিলেন, ‘বিলাসিতা যদি আরামদায়ক না হয়, তাহলে সেটি বিলাসিতার পর্যায়েই পড়ে না।’

অনাথ আশ্রমে বড় হওয়া শ্যানেল বিশ্বাস করতেন, সৌন্দর্য কখনো যন্ত্রণাদায়ক হতে পারে না। তিনি নারীদের শৃঙ্খল ভাঙার সাহস দেখান। নমনীয় জার্সি কাপড় আর ঢিলেঢালা প্যান্ট ফ্যাশনজগতে এনে তিনি নারীদের উপহার দিলেন চলাফেরার অবাধ স্বাধীনতা। রাজকীয় টুইল কাপড়ে তৈরি তাঁর বিশেষ স্যুট কর্মজীবী নারীদের এনে দিল অনন্য আত্মবিশ্বাস।

শোকের প্রতীক হিসেবে ব্যবহৃত কালো রংকে তিনি রাতারাতি বানিয়ে দিলেন আভিজাত্যের প্রতীক। সেখান থেকে জন্ম হয়েছে কালজয়ী লিটল ব্ল্যাক ড্রেস। শুধু পোশাকই নয়, নারীদের হাত দুটোকে মুক্ত রাখতে তিনি চেইনযুক্ত কাঁধে ঝোলানোর ব্যাগ শ্যানেল ২.৫৫ ডিজাইন করেন। কোকো শ্যানেল কেবল পোশাক বদলাননি, তিনি বদলে দিয়েছিলেন নারীর জীবনধারা। তৎকালীন সমাজের প্রচলিত সব নিয়ম ভেঙে ফ্যাশনকে সাজগোজের গণ্ডি থেকে বের করে তিনি বানিয়েছিলেন নারী স্বাধীনতা ও আত্মপ্রকাশের এক শক্ত হাতিয়ার।

ফ্রান্সের সোমুর শহরে গ্যাব্রিয়েল বনহুর শ্যানেলের জন্ম ১৮৮৩ সালের ১৯ আগস্ট। ধারণা করা হয়, কোকো পোশাক তৈরির গুণ পেয়েছিলেন তাঁর ভ্রাম্যমাণ পোশাক বিক্রেতা বাবা আলবার্ট শ্যানেলের কাছ থেকে।