বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ রোববার থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শোকবার্তায় বলা হয়, সেলিমা আহমাদের মৃত্যু তাঁর পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং নারী উদ্যোক্তা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তাঁকে ‘দূরদর্শী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথিকৃৎ কণ্ঠস্বর’ হিসেবে স্মরণ করা হয়।
সেলিমা আহমাদ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী। তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচিত হন তিনি। তিনি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকের পরিচালকও পদেও ছিলেন এই নারী উদ্যোক্তা।
নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা খাতে অবদান রাখায় ২০১৪ সালে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পান।