হোম > নারী

শালুকের স্তূপে জীবনের লড়াই

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের ঘিওর হাটে শালুক বিক্রির জন্য নিয়ে এসেছেন মালা, মায়া ও ঊর্মিলা। ছবি: আজকের পত্রিকা

পানিতে নেমে শালুক সংগ্রহ, বাছাই, বস্তায় ভরা, তারপর হাটে বিক্রি। কয়েক দিনের শ্রমে মেলে সামান্য আয়। সেই আয়ে চলে সংসারের চাকা। বর্ষা শেষে শালুকের মৌসুমে মেলে খানিক স্বস্তি। মৌসুম ফুরালে আবার শুরু হয় নতুন কাজের সন্ধান।

মানিকগঞ্জের ঘিওর হাটে শালুকের স্তূপ নিয়ে বসে আছেন মালা, মায়া ও ঊর্মিলা। তিনজনেরই পদবি বিশ্বাস। প্রত্যেকের সামনে ২৫ থেকে ৩০ কেজি শালুক। সাধারণ শালুক বিক্রি করছেন কেজিপ্রতি ১০০ টাকায়। আর সুস্বাদু সিন্ধি শালুক ১৫০ টাকা কেজি। চার-পাঁচ দিন ধরে খাল-বিল, নালা ও জলাশয়ে ঘুরে সংগ্রহ করা এসব শালুক বিক্রি করে সংসারের প্রয়োজন মেটানোর চেষ্টা তাঁদের। মালা বিশ্বাস বলেন, ‘শালুক বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে সংসারের প্রয়োজন মেটাই। আমাদের জন্য এটা ব্যবসা নয়, বেঁচে থাকার চেষ্টা।’

বিভিন্ন হাটে জীবিকার সন্ধানে ঘোরেন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী-সিধুনগরের বাসিন্দা এই তিন নারী। বুধবার ঘিওর হাটে বিক্রির পর বৃহস্পতিবার তাঁদের যেতে হয় বরংগাইল হাটে। এ ছাড়া বানিয়াজুরী ও মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এবং কাঁচাবাজারেও শালুক বিক্রি করেন তাঁরা। বর্ষার শেষ দিকে বানিয়াজুরী ইউনিয়নের ক্যানাল এলাকা, নালি ইউনিয়নের বিভিন্ন জলাশয় এবং পাশের দৌলতপুর উপজেলার বরুরিয়া-বড়বিলাসসহ বিভিন্ন খাল-বিল থেকে শালুক সংগ্রহ করেন তাঁরা। জলাশয়ে নেমে শালুক তোলা, বাছাই করা ও বাজারে আনার প্রতিটি ধাপে রয়েছে শারীরিক পরিশ্রম।

শালুক সংগ্রহকারী ব্যক্তিদের বেশির ভাগ আদিবাসী। সিধুনগর, গোলাপনগর-কুঠিবাড়িসহ ঘিওরের কয়েকটি এলাকায় তাঁদের বসবাস। অনেকের নিজস্ব জমি নেই। কেউ খাসজমিতে, কেউ অন্যের আশ্রয়ে থাকেন। প্রাকৃতিকভাবে জন্মানো শালুক তাঁদের কাছে মৌসুমি আয়ের বড় সুযোগ। মৌসুম ফুরালে বদলায় জীবিকা। শালুক সংগ্রহের মৌসুম চলে দুই থেকে তিন মাস। এই সময়ের আয় দিয়ে খাবার, পোশাক ও সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর চেষ্টা করেন তাঁরা। তবে সারা বছরের প্রয়োজন মেটানোর জন্য এই আয় যথেষ্ট নয়। মৌসুম শেষে কেউ কৃষিশ্রমিক, কেউবা গৃহকর্মী হিসেবে কাজ করেন। কেউ অফিস-আদালত কিংবা বাসাবাড়িতে শ্রম দেন, আবার কেউ গরু-ছাগল ও ভেড়া চরিয়ে আয় করেন।

শালুক সংগ্রহের দলে রয়েছেন ৬০ থেকে ৭০ বছর বয়সী, এমনকি তার চেয়েও বেশি বয়সের ব্যক্তিরা। বয়সের ভারে শরীর নুয়ে এলেও সংসারের প্রয়োজনে তাঁদের জলাশয়ে নামতে হয়। দীর্ঘ সময় পানিতে কাজ করায় অনেকের হাত-পা ও শরীরে চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ দেখা দেয়। স্থানীয় কয়েকজন সংগ্রহকারী জানান, তাঁদের পরিবারের অনেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে শাপলা-শালুক সংগ্রহ ও বিক্রি করছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁদের অনেকেই সরকারি সহায়তার প্রত্যাশী। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়ার নিয়ম সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় কেউ কেউ যোগ্য হয়েও সুবিধার বাইরে রয়েছেন বলে জানা যায় তাঁদের সঙ্গে কথা বলে।

মৌসুম ও বাজারভেদে দাম ওঠানামা করায় শ্রমের তুলনায় আয়ও সব সময় সমান হয় না। ঘিওর হাটে মালা, মায়া, ঊর্মিলাদের সামনে সাজানো শালুকের স্তূপে মিশে আছে জলাশয়ে কাটানো দীর্ঘ সময়, কয়েক দিনের শ্রম আর সংসারের টানাপোড়েন। এই আয় দিয়ে হয়তো পুরো বছরের অভাব ঘোচে না; তবে কয়েক মাসের জন্য জ্বলে ওঠে আশার আলো। শালুকের মৌসুম শেষ হলে তাঁদের আবার খুঁজতে হবে নতুন কাজ, নতুন আয়ের পথ। যে জলাশয় আজ তাঁদের বেঁচে থাকার অবলম্বন, কাল সেখানে হয়তো আর শালুক মিলবে না। তবু জীবনের তাগিদে তাঁরা ছুটবেন। কারণ, অভাবের কাছে হার মানলে থেমে যাবে সংসার, থেমে যাবে বেঁচে থাকার লড়াই।