বয়স্ক নাগরিকদের সংখ্যা দিন দিন বাড়ছে জাপানে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপরে। দিনে দিনে সেখানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে বয়স্কদের একাকিত্ব ও নিঃসঙ্গতা। এই সামাজিক সংকট মোকাবিলায় নীরবে কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছেন একদল নারী, যাঁদের স্থানীয়ভাবে বলা হয় ইয়াকুল্ট লেডি। বিচ্ছিন্ন ও একাকী সমাজে এই নারীরা হয়ে উঠেছেন এক অদৃশ্য কিন্তু শক্তিশালী সামাজিক সুরক্ষাবলয়। সাইকেল বা স্কুটারে করে ঘরে ঘরে প্রোবায়োটিকস পানীয় ইয়াকুল্ট পৌঁছে দেওয়া এই নারীরা শুধু বিক্রেতা নন, বরং জাপানি সমাজের অপরিহার্য মানবিক মুখ।
১৯৩৫ সালে ড. মিনোরু শিরোতা যখন প্রোবায়োটিকস ড্রিংক ইয়াকুল্ট বাজারে আনেন, তখন সাধারণ মানুষের কাছে ‘ভালো ব্যাকটেরিয়া’ খেয়ে সুস্থ থাকার বিষয়টি নতুন ও অপরিচিত ছিল। পণ্যটির উপকারিতা বোঝাতে সেই সময় বাড়ি বাড়ি গিয়ে এটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রমান্বয়ে স্থানীয় নারীদের এই কাজে যুক্ত করা হলে বিক্রি দ্রুত বাড়ে। ১৯৫০ সালের দিকে মূলত গৃহিণীদের কাজের সুযোগ করে দিতে এবং ঘরে ঘরে পণ্য পৌঁছাতে এই ইয়াকুল্ট লেডি নেটওয়ার্ক চালু করা হয়েছিল। বর্তমানে যাঁরা এই পেশায় যুক্ত, তাঁদের অধিকাংশই মধ্যবয়সী বা প্রবীণ। নেভি ব্লু ইউনিফর্ম ও নীল টুপি পরা এই নারীরা বাইসাইকেল, মোটরসাইকেল বা গাড়িতে করে প্রতিদিন ৪০ থেকে ৪৫টি পরিবারে পানীয় পৌঁছে দেন। কাজের নির্দিষ্ট সময়সীমা থাকায় অধিকাংশ নারী নিজেদের পরিবারের পাশাপাশি চুক্তিভিত্তিক এই কাজ করার স্বাধীনতা পান।
জাপানে একাকী মৃত্যু বা কোদোকুশি ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে প্রবীণেরা ঘরে একা মারা যান এবং মাসের পর মাস কেউ তা জানতেও পারে না। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই জাপানে নিজ ঘরে একাকী মারা গেছেন ৪০ হাজার ৯১৩ জন। আর এখানেই ইয়াকুল্ট লেডিরা পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ধরনের ট্র্যাজেডি কমাতে তাঁরা মাঠপর্যায়ে পালন করছেন অভিভাবকের দায়িত্ব। তাঁরা শুধু পানীয় পৌঁছে দেন না, একই সঙ্গে তাঁদের প্রবীণ গ্রাহকদের সঙ্গে পরিবার, বাগান করা কিংবা স্বাস্থ্যবিষয়ক গল্প করেন। কোনো দিন নির্দিষ্ট বয়স্ক গ্রাহক দরজা না খুললে বা দৈনন্দিন রুটিনে অস্বাভাবিক কিছু দেখলে ইয়াকুল্ট লেডিরা সঙ্গে সঙ্গে পরিবার বা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এক কাপ মিষ্টি পানীয়ের আড়ালে এই নারী কর্মীরা প্রমাণ করেছেন, আধুনিকতার যান্ত্রিকতায় হারিয়ে যাওয়া মানবিক সংযোগ ও যত্ন টিকিয়ে রাখতে গ্রামীণ বা পারিবারিক গণ্ডি পেরিয়ে নারীদের এই সামাজিক অবদান কতটা সুদূরপ্রসারী।
সাম্প্রতিক অণুজীববিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী নিঃসঙ্গতা ও মানসিক চাপ মানুষের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে। ফলে সপ্তাহে অন্তত এক দিন একজন হাসিখুশি মানুষের আগমন এবং কুশল বিনিময় প্রবীণদের মানসিক চাপ কমায়। এটি তাঁদের শারীরিক ও গ্যাস্ট্রিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। তাই শুধু জাপান নয়, এই দেখাশোনাটা পৃথিবীর যেকোনো প্রান্তের প্রবীণদের জন্যই জরুরি। জাপানে বর্তমানে প্রায় ৩১ হাজারের বেশি ইয়াকুল্ট লেডি কাজ করছেন। শুধু জাপানেই নয়, এই সফল মডেল চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর মতো দেশেও ছড়িয়ে পড়েছে। সেসব দেশে এরা ইয়াকুল্ট মাম বা আন্টি নামে পরিচিত। প্রায় ৫০ হাজার নারী বিশ্বজুড়ে এই সেবায় নিয়োজিত আছেন।
সূত্র: বিবিসি