হোম > নারী

উদ্যোক্তা নারীদের গল্প ‘চলো এগিয়ে যাই’

ফিচার ডেস্ক, ঢাকা 

বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘চলো এগিয়ে যাই’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ছবি: সংগৃহীত

‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্পের এই সংকলন। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস।

অনুষ্ঠানে সৌন্দর্যশিল্প খাতের উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্যবিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সূচনাসংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন অন্তরা রায়চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট লাইফস্টাইল সাংবাদিক লাবণ্য লিপি। তিনি বলেন, ‘আফরোজা পারভীন শুধু যে উদ্যোক্তাদের তুলে এনেছেন, এমন নয়; বরং তাঁদের স্বাবলম্বী হতে এবং সমাজে ভূমিকা রাখতে মানসিক শক্তি জুগিয়েছেন।’

এরপর বক্তব্য দেন সৌন্দর্যবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তিনি এই আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সংগীতা আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান তাঁদের বক্তব্যে নারীদের পথচলার বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরেন। সব বাধাবিপত্তি অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে—এ জন্য উভয়ে নারী হিসেবে গর্ববোধ করেন বলে জানান।

বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন মারুফ মুন্না, মহসিনা মুন্নি ও ইকরা আহসান চৌধুরী। তাঁদের প্রত্যেকের জীবনেই রয়েছে নানা সময়ের প্রতিকূলতার গল্প। সেই সব বাধা অতিক্রম করে আজ তাঁরা নিজ নিজ ক্ষেত্রে একটি অবস্থান তৈরি করেছেন। তাঁদের এই পথচলায় উজ্জ্বলা ও আফরোজা পারভীনের ভূমিকার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নাসিমা আনিস এবং লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি।

নাসিমা আনিস বলেন, ‘সৌন্দর্য খাতে উদ্যোক্তা তৈরি তৃতীয় বিশ্বে একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ, আমাদের সমাজে নারীরা পরিবারে শ্রম দিলেও সেখানে কোনো আর্থিক সম্পর্ক থাকে না। এটাই নিগৃহীত হওয়ার বড় কারণ। ফলে একজন নারী উদ্যোক্তা যখন অর্থ উপার্জন করেন, তখন তিনি পরিবার ও সমাজে ভূমিকা রাখেন।’

নাহিদা আশরাফি ‘চলো এগিয়ে যাই’ বইয়ের উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন। সৌন্দর্যবোধের এই চেতনাকে জাগিয়ে তুলতে পারলে সমাজ অনেক দূর এগিয়ে যেতে পারবে বলেও জানান নাহিদা আশরাফি।

ধন্যবাদজ্ঞাপক বক্তব্যে আফরোজা পারভীন উজ্জ্বলার পথচলা এবং নারী সৌন্দর্যশিল্পী তৈরির প্রয়াসের কথা তুলে ধরেন। একই সঙ্গে ‘চলো এগিয়ে যাই’ বই প্রকাশের পেছনের উদ্যোগ ও উদ্দেশ্য সম্পর্কেও কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আফরোজা পারভীনের বক্তব্যের পর অতিথিদের উপস্থিতিতে ‘চলো এগিয়ে যাই’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনয়শিল্পী আফসানা মিমি। সাবলীল উপস্থাপনার পাশাপাশি তাঁর কথার বাঁধনে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তিনি শঙ্খ ঘোষের একটি কবিতার অংশবিশেষও পাঠ করেন।

অন্তরা রায়চৌধুরীর গানের মধ্য দিয়ে শেষ হয় ‘চলো এগিয়ে যাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।