আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজন আমাকে হয়তো আরও বেশি করে দূরে সরিয়ে রাখবে। আমি জানি, পরীক্ষায় বসার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কীভাবে আমার মনোযোগ ফিরিয়ে আনতে পারি? মুশফিকা সৃজনী, খুলনা
এ রকম সমস্যা আমাদের সমাজে খুব দেখা যায়। প্রথমেই বলি, চেষ্টা চালিয়ে যান। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন—
ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী কতটুকু পড়াশোনা করল বা তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, শুধু এটুকুই যাচাই করা হয় না। ওই শিক্ষার্থী মেডিকেল সায়েন্স পড়ার জন্য কতটা প্রস্তুত, কতটা মেধাবী, পরিশ্রমী, উদ্যোগী ও উদ্যমী, এসবের পরীক্ষাও হয়ে থাকে।
কাজেই মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়া আসলে দীর্ঘমেয়াদি পরিশ্রম, মেধা এবং গভীর মনোযোগ ও অধ্যয়নের ফসল।
যদি নিয়মিত পড়াশোনা করেন, পরীক্ষাগুলোতে নিয়মিত অংশ নেন এবং কেন আশানুরূপ ফল হচ্ছে না, সেটা চিহ্নিত করে এগিয়ে গেলে ইতিবাচক ফল আসবে। বারবার রিভিশন দিন। নিয়মিত না পড়লে প্রশ্নগুলোর সব উত্তর অনিশ্চিত মনে হয়।
যে বিষয়ে ভালো নম্বর আসছে না, সেটি বুঝতে চেষ্টা করুন। যদি সঠিকভাবে চেষ্টা ও পড়াশোনা করেন, সেই সঙ্গে নিয়মিত নিজের শরীর, মন, মেধা ও মননের যত্ন নেন, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা নিশ্চিত। পরিবারের মানুষেরা অবুঝ নন। আপনার পরিশ্রম, আন্তরিকতা নিশ্চয় তাঁরা দেখছেন। আমাদের শুভকামনা রইল আপনার প্রতি।
পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. ফারজানা রহমান অধ্যাপক ও বিভাগীয় প্রধান সোশ্যাল ও কমিউনিটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।