দেশে সাড়ে পাঁচ বছরে ৫ হাজার ২৯৫টি বাল্যবিয়ে প্রতিরোধ করেছে কিশোর-কিশোরী ক্লাব। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব বাল্যবিয়ে ঠেকানো হয়। বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে এ ক্লাবের কার্যক্রম চলছে।
আজ রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জানানো হয়, প্রতিটি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন সদস্য রয়েছেন। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি ও এ ধরনের বিয়ে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাল্যবিবাহ নির্মূল করা জাতীয় অগ্রাধিকার। এ জন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন হবে।
মন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়ের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। তাই সমন্বিতভাবে কাজ করলে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যমান বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বাল্যবিবাহ নির্মূলে সরকারের পাশাপাশি সুশীল সমাজ, বেসরকারি সংস্থা (এনজিও) ও উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বক্তারা জানান, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেড়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল আব্রিউ।
এতে সরকারের ২৫টি মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।