মেক্সিকান-আমেরিকানদের নাগরিক অধিকার আদায়ের ইতিহাসে মারিয়া এল দে হার্নান্দেজ এক অবিসংবাদিত নাম। ১৯১৪ সালে মেক্সিকান বিপ্লব শুরু হলে তিনি টেক্সাসে চলে যান। সেখানে তিনি সাধারণ এক তুলা সংগ্রাহক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা থেকে সময়ের পরিক্রমায় অধিকার আদায়ের সক্রিয় কর্মী হয়ে ওঠেন।
সান আন্তোনিওতে মারিয়া শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক অধিকার আদায়ে প্রায় ৫০ বছর কাজ করেন। সেখানকার প্রথম মেক্সিকান নারী রেডিও উপস্থাপক এবং ধাত্রী হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ১৯২৯ সালে তিনি অর্ডার অব নাইটস অব আমেরিকা গঠনে নেতৃত্ব দেন। এই সংগঠন কাজ করত লাতিন আমেরিকানদের অধিকার আদায়ে। সুবিধাবঞ্চিত মা এবং গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা দিতে ১৯৩৩ সালে তিনি গড়ে তোলেন অ্যাসোসিয়েশন প্রটেক্টোরা দে মাদ্রেস।
মেক্সিকান শিশুদের বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৯৩৪ সালে তিনি লা লিগা দে ডিফেনসা প্রু-এসকোলার গঠনে সহায়তা করেন। সাত হাজার মানুষের ঐতিহাসিক এক জনসভায় তিনি প্রথম নারী বক্তা হিসেবে শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে বক্তব্য দিয়ে প্রশংসিত হন। ১৯৬৮ সালে নাগরিক অধিকার কমিশনে তিনি বর্ণবাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। আমৃত্যু ‘অদম্য যোদ্ধা’ নামে পরিচিত মারিয়া সমাজসংস্কার ও রাজনীতিতে এক অনন্য অনুপ্রেরণা হয়ে আছেন। তাঁর জন্ম ১৮৯৬ সালের ২৯ জুলাই। তিনি মৃত্যুবরণ করেন ১৯৮৬ সালের ৮ জানুয়ারি।