হোম > খেলা > ক্রিকেট

রিশাদকে কীভাবে সামলাবে পাকিস্তান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন রিশাদ হোসেন। ছবি: ক্রিকইনফো

সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।

১২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন রিশাদ। যার মধ্যে একটিতে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। গত বছর পিএসএল অভিষেকে ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। সেই পিএসএলে একই দল লাহোর কালান্দার্সে খেলেছিলেন শাহিন শাহ আফ্রিদি ও রিশাদ। পিএসএল অভিষেকে কাঁপিয়ে দেওয়া রিশাদ এরপর বিগ ব্যাশেও দুর্দান্ত খেলেছেন।

মিরপুরে আজ যখন সংবাদ সম্মেলনে এসেছেন শাহিন শাহ আফ্রিদি, তখন প্রশ্ন করা হয়েছে রিশাদকে নিয়েও। পিএসএল খেলায় রিশাদ সম্পর্কে পাকিস্তানি ব্যাটারদের ভালো জানাশোনা আছে বলে জানিয়েছেন শাহিন। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, ব্যাটাররা তাকে খুব ভালো করেই জানে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে।’

মিরপুরের ‘ধানখেতের উইকেট’ নিয়ে সমালোচনা হয় হরহামেশাই। গত বছর মিরপুরে স্পিনবান্ধব উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করেছিল বাংলাদেশ। এক ম্যাচে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল উইন্ডিজ। ক্যারিবীয় অলরাউন্ডার আকিল হোসেনও ব্যঙ্গ করেছিলেন মিরপুরের উইকেট নিয়ে।

স্পিন-বোলিং লাইনআপে লেগস্পিনার আবরার আহমেদের সঙ্গে চায়নাম্যান বোলার ফয়সাল আকরাম আছেন। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মাজ সাদাকাতও দারুণ কার্যকর হতে পারেন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ কেমন হবে—এই প্রশ্নের উত্তরে শাহিন বলেন, ‘আমি খুশি হতাম যদি ১৫ জনকেই খেলানো যেত। কিন্তু ১১ জনই খেলবে। দলের ও পিচের চাহিদা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আজ আমাদের আরেকটি সেশন বাকি আছে। এরপর আমরা চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’

৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকতে হবে। মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম পর্ব। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক হবে বলে জানিয়েছেন শাহিন। ১৩ ও ১৫ মার্চ মিরপুরে অন্য দুই ওয়ানডে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে।

পাকিস্তানের সাবেক আম্পায়ারের পিসিবির চাকরি ছাড়ার কারণ তাহলে এই

শান্তদের হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি ইংল্যান্ডও

‘গত দুই বছরে আমার কোনো ইনকাম সোর্স নেই’

না ফেরার দেশে সাঙ্গাকারার বাবা

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

‘পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত’

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

বিশ্বকাপে এবার থাকছেন না বাংলাদেশি আম্পায়ার

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার