হোম > ল–র–ব–য–হ

অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে না যেতে উড়োজাহাজ ছিনতাইয়ের নাটক স্বামীর

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে চাকরিতে যোগ দিতে মন সায় দিচ্ছিল না। তাই শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে যেতে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের শৌচাগারে ‘বিমান ছিনতাই’-সংক্রান্ত একটি চিরকুট রেখে আসেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। আর এই ভুয়া চিরকুটের জেরে গতকাল বুধবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয় এবং ফ্লাইটটি ছাড়তে প্রায় সাড়ে সাত ঘণ্টা দেরি হয়।

এ ঘটনায় জড়িত পার্থ প্রতিম নন্দী নামের অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করেছে কলকাতা বিমানবন্দর পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল সকাল ১০টা ৩০ মিনিটে কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ‘এআই২৭৭২’ ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। ফ্লাইটটিতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন। তবে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এর শৌচাগারে একটি হাতে লেখা হুমকির বার্তা পান কর্মীরা। চিরকুটটিতে লেখা ছিল, ‘বিমানটি ছিনতাই করা হবে’।

তাৎক্ষণিকভাবে বিমানের পাইলট বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান এবং হাইজ্যাক অ্যালার্ট জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত উড়োজাহাজটিকে আইসোলেশন বে-তে নিয়ে ঘিরে ফেলে যৌথ নিরাপত্তা বাহিনী। সব যাত্রীকে নামিয়ে দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর বিকেল ৫টা ৩৮ মিনিটে ফ্লাইটটি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়।

বিমানবন্দর পরিচালক বিক্রম সিং জানান, ঘটনার পর তদন্তে নেমে যাত্রীদের হাতের লেখা ও অন্য আলামত মেলানোর সময় পার্থ প্রতিম নন্দীকে শনাক্ত করা হয়। তাঁর কাছে ওই ভুয়া বার্তা লেখায় ব্যবহৃত কার্ডের মতো আরও বেশ কিছু সাদা কার্ড পাওয়া যায়। পরে ফরেনসিক পরীক্ষায় চিরকুটের হাতের লেখা পার্থর বলেই নিশ্চিত হওয়া গেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে কলকাতার সোদপুরের বাসিন্দা পার্থ প্রতিম নন্দী স্বীকার করেন, তিনি পেশাগত কারণে মুম্বাই হয়ে বিদেশে যাচ্ছিলেন। কিন্তু বিমানে ওঠার পর শেষ মুহূর্তে অসুস্থ স্ত্রীর কথা মনে পড়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীর কাছে ফিরে যাওয়ার তাড়না অনুভব করেন।

পার্থ প্রতিম নন্দী পুলিশকে বলেন, ‘বিদেশে কাজে যোগ দেওয়ার চেয়ে অসুস্থ স্ত্রীর পাশে থাকাটাই আমার কাছে মুখ্য মনে হচ্ছিল। শেষ মুহূর্তে আমার মন স্থির ছিল না। ভাবছিলাম ফ্লাইটটি বাতিল হলেই আমি বাড়ি ফিরে যেতে পারব। সেই উদ্দেশ্যেই সাদা কার্ডে ছিনতাইয়ের বার্তা লিখে বাথরুমে রেখে এসেছিলাম।’

নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার পার্থ প্রতিম নন্দীকে বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিঘ্নিত করা ও ভীতি সৃষ্টির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।