হোম > ল–র–ব–য–হ

দিল্লির সবচেয়ে মোটা কুকুরের খেতাব জিতল ‘গোলা’

আজকের পত্রিকা ডেস্ক­

রোমাঞ্চকর ফাইনালে মেহেরৌলি ও সাকেত এলাকার কুকুর ‘গোগো’কে হারিয়ে বিজয়ী হয় ৭৫ কেজি ওজনের গোলা। ছবি: ফ্যাট ডগস অব দিল্লি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কয়েক হাজার মানুষের ভোটে শহরের সবচেয়ে মোটা কুকুর নির্বাচন করা হয়। এতে মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে শিরোপা জিতে নিয়েছে হাউস খাসের দক্ষিণ দিল্লি এলাকার জনপ্রিয় কমিউনিটি ডগ বা পথকুকুর ‘গোলা’।

‘ফ্যাট ডগস অব দিল্লি’ শিরোনামের প্রতিযোগিতাটিতে দিল্লির বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মোট ৬৪টি কুকুর অংশ নেয়। পছন্দের কুকুরকে বিজয়ী করতে ভক্ত ও স্থানীয় বাসিন্দারা ইনস্টাগ্রাম পোস্ট, ব্যানার, ডিজিটাল পোস্টার, ট্রোল-মিম ও রিলস তৈরি করে জোর প্রচার প্রচারণা চালান।

গত বুধবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে মেহেরৌলি ও সাকেত এলাকার কুকুর গোগোকে হারিয়ে বিজয়ী হয় ৭৫ কেজি ওজনের গোলা। দুর্ভাগ্যবশত, প্রতিযোগিতা চলাকালীন সময়েই বার্ধক্যজনিত কারণে গোলার মৃত্যু হয়। তবে মৃত্যু সত্ত্বেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তার সমর্থকেরা ভোট দেওয়া অব্যাহত রাখেন এবং বিপুল ব্যবধানে তাকে বিজয়ী করেন।

প্রতিযোগিতার আয়োজকেরা জানিয়েছেন, অনলাইন ও অফলাইনে পরিচালিত ভোটে গোলা মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে। সাকেত, কমলা নগর ও পাঞ্জাবি বাগের মতো বিভিন্ন এলাকার জনপ্রিয় ক্যাফেগুলোতে সত্যিকারের নির্বাচনের মতোই ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল। যেখানে ভোটাররা ব্যালট পেপারে সিল দিয়ে এবং আঙুলে ভোটের কালি লাগিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

কেবল বিনোদনই নয়, এই অভিনব আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দিল্লির স্থানীয় পথকুকুরদের প্রতি মানুষের সহানুভূতি বাড়ানো। আয়োজক সংস্থা জানিয়েছে, এই উদ্যোগ থেকে প্রাপ্ত অনুদান ও সহায়তা পথকুকুরদের আশ্রয়স্থল তৈরি, খাবার, ওষুধ ও বিশেষ কলার সরবরাহে ব্যয় করা হবে। এই আয়োজন ও গোলার জয় পুরো দিল্লির পশুপাখিপ্রেমীদের এক সূত্রে গেঁথেছে।

তথ্যসূত্র: এনডিটিভি