জার্মানিতে সঙ্গে কোনো শিশুকে না নিয়ে খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে জরিমানা করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর গেলজেনকির্শেন শহরে এ ঘটনা ঘটে। ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী একটি বেঞ্চে বসে তাঁর খালাকে ফোন করেছিলেন।
হানা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘তখন পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে আমি প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম।’ তবে তিনি জানতেন না, শিশুকে সঙ্গে না নিয়ে খেলার মাঠে বসে থাকা পৌরসভার নিয়মবিরুদ্ধ। পড়াশোনা ও আর্থিক চাপ সামলাতে না পেরে হানা সেদিন হাঁটতে বেরিয়েছিলেন। একপর্যায়ে খেলার মাঠের একটি বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি।
জার্মান সম্প্রচারমাধ্যমটিকে হানা বলেন, ‘আমি শুধু একা থাকতে চেয়েছিলাম। চাইছিলাম, কেউ যেন আমাকে দেখতে না পায়।’ এ সময় পৌরসভার তিন কর্মকর্তা তাঁর কাছে আসেন। তাঁরা জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তাঁর সন্তান কি না। হানা জানান, ছেলেরা তাঁর সন্তান নয়। এরপর কর্মকর্তারা তাঁকে ২৫ ইউরো (প্রায় সাড়ে ৩ হাজার টাকা) জরিমানা করেন।
গেলজেনকির্শেনের পৌরসভার নিয়ম অনুযায়ী, ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য খেলার মাঠ নির্ধারিত। শিশুদের সঙ্গে থাকলেই কেবল সেখানে প্রাপ্তবয়স্কদের প্রবেশের অনুমতি রয়েছে। এর মধ্যে মা-বাবা ও অভিভাবকেরাও রয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন হানা। তিনি বলেন, ‘এখানে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে কি প্রথমে জিজ্ঞেস করা যায় না, ‘আপনি ঠিক আছেন? আপনার কি সাহায্য দরকার?’ এরপর তাঁরা আমাকে বুঝিয়ে বলতে পারতেন, শিশুদের সঙ্গে না থাকলে সেখানে বসে থাকা নিষেধ।’
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও কর্মকর্তাদের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। এক ব্যক্তি বলেন, ‘একজন নারী শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছেন, আর এ জন্য তাঁকে জরিমানা করা হয়েছে। বিষয়টি আমার কাছে অযৌক্তিক মনে হয়।’ এক নারী বলেন, ‘আমি এখানে ৬৪ বছর ধরে বাস করছি। সব সময় এই বেঞ্চে বসেছি। কখনো কেউ এসে আমাকে কিছু জিজ্ঞেস করেনি।’ আরেক বাসিন্দা কর্মকর্তাদের এ পদক্ষেপকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেন।
তবে কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে সিটি কাউন্সিল। কাউন্সিলের সদস্য সিমন নওয়াক (সিডিইউ) বলেন, ‘শিশুদের খেলার মাঠ শিশুদের জন্য। তাই সাধারণভাবে শিশুদের সঙ্গে না থাকলে সেখানে প্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ।’ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, খেলার মাঠের অননুমোদিত ব্যবহার ঠেকানো এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর পদক্ষেপের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে।
এদিকে, খেলার মাঠের অননুমোদিত ব্যবহারের জন্য জরিমানা বাড়ানোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে কাউন্সিল। একা বেঞ্চে বসে থাকার মতো ঘটনাও এ প্রস্তাবের আওতায় রয়েছে। বর্তমানে এ ধরনের অপরাধে জরিমানা ৫৫ ইউরো। প্রস্তাবটি কার্যকর হলে তা বেড়ে ৬০ ইউরো হবে।