যৌতুক হিসেবে চেয়েছিলেন মারুতি ব্রেজা, কনে পক্ষ জোগাড় করতে পেরেছিল হুন্দাইয়ের প্রাইভেটকার। সেই গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বর ভারতের দিল্লি পুলিশের কনস্টেবল কুলদীপের বিরুদ্ধে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে স্বর্ণালঙ্কারসহ আরও বেশকিছু যৌতুক নেওয়ার কথা জানা গেছে। এ ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাঁকে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ নভেম্বর বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। প্রায় ছয় মাস আগে বিয়ের দিন নির্ধারণ করা হয়। বরের পরিবার সে সময় গাড়ি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দাবি করেছিল বলে জানান কনের বাবা সুভাষ কুমার।
তিনি আরও জানান, বরের জন্য প্রায় ৯ লাখ ৫০ হাজার রুপি (প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা) দামের একটি গাড়ি বুকিং দিয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের এক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন, ওই গাড়িতে সন্তুষ্ট নন কুলদীপ। তিনি প্রায় ১৩ লাখ রুপি (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা) দামের মারুতি ব্রেজা চান। আগের গাড়ির বুকিং বাতিল করে ব্রেজা কেনার চেষ্টা করলেও বিয়ের আগে সময়মতো সেটির ব্যবস্থা করতে পারেননি তাঁরা।
কনের বাবা আরও অভিযোগ করেন, কুলদীপের পরিবারের পক্ষ থেকে বরের জন্য দুই তোলা ওজনের সোনার চেইন, তাঁর মায়ের জন্য চার তোলা ওজনের সোনার কানের দুল এবং বড় ভাই ও ভাবির জন্য রুপার নূপুর ও গয়না চাওয়া হয়েছিল। এসব গয়নার অর্ডারও দিয়েছিল কনের পরিবার।
এ ছাড়া বিয়ের জন্য আসবাবসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল। শুধু আসবাব কিনতেই ১ লাখ ৩২ হাজার রুপি (প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা) খরচ হয়েছিল বলে দাবি করেছেন সুভাষ। এর মধ্যে ছিল সোফা ও আলমারি।
বরের পরিবারের অনুরোধে ১১ হাজার রুপি (প্রায় ১৫ হাজার ৪০০ টাকা) খরচ করে সাজানো ঘোড়া এবং ১৩ হাজার ৫০০ রুপি (প্রায় ১৮ হাজার ৯০০ টাকা) খরচ করে ডিজের ব্যবস্থাও করেছিলেন তিনি।
কিন্তু বিয়ের দিন কুলদীপ নামের ওই পুলিশ সদস্য বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে না এসে মাকে সঙ্গে করে সাধারণ পোশাকে হাজির হন। দেখতে এসেছিলেন তাঁকে তাঁর পছন্দের গাড়িটিই দেওয়া হচ্ছে কি না। পরে কনের পরিবারের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিয়ে না করেই ফিরে যান তিনি।
বিয়ের অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই মাকে নিয়ে বিয়ের আসরে পৌঁছান কুলদীপ। তাঁর পরনে ছিল সাধারণ পোশাক। সঙ্গে না ছিল বরের সাজসজ্জা, না কোনো বরযাত্রী। বিয়ের বাদ্যবাজনাও ছিল না।
সুভাষের দাবি, পছন্দের ব্রেজা গাড়ি না পেয়ে কুলদীপ কনের পরিবারের সদস্যদের গালিগালাজ শুরু করেন। এ সময় কনের ভাই সাহিলের সঙ্গেও তাঁর বাগ্বিতণ্ডা হয়।
সুভাষ বলেন, ‘আমাদের আত্মীয়স্বজন বারবার হাতজোড় করে কুলদীপ ও তাঁর মাকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা রাজি হননি। শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।’
কনের পরিবারের দাবি, বরের পক্ষ থেকে মাত্র ২০ থেকে ৩০ জন অনুষ্ঠানে এসেছিলেন। কুলদীপ চলে যাওয়ার পর বিয়ের সাজে মণ্ডপে বসে থাকেন হিনা। অন্যদিকে বিয়ে না হওয়ায় অতিথিরা খাবার না খেয়েই অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে থাকেন।
সুভাষের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে বিয়ের প্রস্তুতিতে ২৫ লাখ থেকে ৩০ লাখ রুপি (প্রায় ৩৫ লাখ থেকে ৪২ লাখ টাকা) খরচ হয়েছে।
এ দিকে বিয়ের অনুষ্ঠান ভেঙে যাওয়ার পর দুই পক্ষই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ডায়াল ১১২ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সোনিপত থানায় লিখিত অভিযোগ জমা দেন সুভাষ। তিনি কুলদীপ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সুভাষ বলেন, তাঁর মেয়ে হিনা স্নাতকোত্তর (এমএ) ও জুনিয়র বেসিক ট্রেনিং (জেবিটি) ডিগ্রিধারী। পরিবারের সামর্থ্য অনুযায়ী বিয়ের সব আয়োজন করা হয়েছিল। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চান।
সোনিপতের উপকমিশনার অব পুলিশ জিতেন্দ্র গাহলাওয়াত সোমবার জানান, কনের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করতে পরিবারটি এক দিনের সময় চেয়েছিল। ওই সময় পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধও জানিয়েছিল তারা।
দিল্লি পুলিশের আউটার নর্থ জেলায় কর্মরত কনস্টেবল কুলদীপকে যৌতুক দাবি এবং পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দিল্লি পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান।
দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, যৌতুক দাবি এবং পরবর্তী সময়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কনস্টেবল কুলদীপের আচরণকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলাকালে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি হরিয়ানার সোনিপতে ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে কুলদীপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো ব্রেজা গাড়ি দাবি করিনি।’