ভারতের সুপ্রিম কোর্টে রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ে বা স্বজনবিবাহ নিরুৎসাহিত করতে আইন প্রণয়নের আবেদন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জেনেটিক রোগের ঝুঁকি। এ প্রসঙ্গে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের কেনটাকির এক পরিবারের বিস্ময়কর ইতিহাস। ওই পরিবারের কয়েক প্রজন্মের সদস্যদের ত্বকের রং ছিল নীল। চিকিৎসাবিজ্ঞানে বিরল এক বংশগত রক্তরোগের কারণে এমনটি হয়েছিল। পরিবারটি পরিচিতি পেয়েছিল ‘ব্লু পিপল অব কেনটাকি’ নামে।
ইতিহাস বলছে, ১৮২০ সালে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে যান মার্টিন ফুগেট নামে এক অভিবাসী। তিনি এলিজাবেথ স্মিথ নামে এক মার্কিন নারীকে বিয়ে করেন। তাঁদের সাত সন্তানের মধ্যে চারজনের জন্ম হয় নীলচে ত্বক নিয়ে। তবে অস্বাভাবিক ত্বকের রং ছাড়া তাঁদের জীবনযাপনে তেমন কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।
পরিবারটি কেনটাকির দুর্গম গ্রামীণ এলাকা ট্রাবলসম ক্রিকে বসবাস করত। যোগাযোগব্যবস্থা ও জনবসতি সীমিত হওয়ায় বাইরের মানুষের সঙ্গে বিয়ের সুযোগ ছিল কম। ফলে অল্প কয়েকটি পরিবারের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়ের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্য দিয়ে ফুগেট পরিবারের বংশধরদের মধ্যে নীল ত্বকের বৈশিষ্ট্য ছড়িয়ে পড়ে।
চিকিৎসাবিজ্ঞানে এ রোগের নাম মেথেমোগ্লোবিনেমিয়া। এটি একটি বিরল রক্তরোগ, যাতে রক্তের অক্সিজেন পরিবহনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। সাধারণ মানুষের রক্তে মেথেমোগ্লোবিনের পরিমাণ এক শতাংশের কম থাকলেও ফুগেট পরিবারের সদস্যদের ক্ষেত্রে তা ছিল ১০ থেকে ২০ শতাংশ।
১৯৬০ সালে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাডিসন কেইন ও নার্স রুথ পেন্ডারগ্রাস নীল ত্বকের দুই ভাইবোন র্যাচেল ও প্যাট্রিক রিচির চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের গবেষণায় রোগটির কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়। চিকিৎসক কেইন আরও দেখতে পান, ওষুধের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
সময়ের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে এই বৈশিষ্ট্যের উপস্থিতি কমতে থাকে। ১৯৭৫ সালে শেষবারের মতো এ পরিবারের কোনো নীল ত্বকের সদস্যের উপস্থিতির খবর পাওয়া যায়।
বুধবার (২৫ নভেম্বর) এনডিটিভি জানিয়েছে, এদিকে বেঙ্গালুরুর আইন শিক্ষার্থী চার্বি এস ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করে স্বজনবিবাহের আইনগত বৈধতা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাঁর আবেদনে বলা হয়েছে, রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ের ফলে সন্তানের মধ্যে একই ধরনের জিনের উপস্থিতি বা হোমোজাইগোসিটির সম্ভাবনা বেড়ে যায়। এতে বংশগত রোগ, জন্মগত ত্রুটি, শ্রবণ ও দৃষ্টিশক্তির সমস্যা, বিকাশজনিত প্রতিবন্ধকতা এবং শিশুমৃত্যুর ঝুঁকি বাড়তে পারে।