হোম > প্রযুক্তি

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

ফিচার ডেস্ক

শক্তি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে চীন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন করল দেশটি। হেফেইর পদার্থবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন ৫৮২ টন ওজনের দানবীয় এই চুম্বক, যার শক্তি আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল প্রকল্পে ব্যবহৃত চুম্বকের চেয়ে তিন গুণ বেশি।

ফিউশন রি-অ্যাক্টরের জন্য দরকার বিশেষ আকৃতির চুম্বক। একে বলে টরয়েডাল ফিল্ড বা টিএফ চুম্বক। বিশ্বে এ ধরনের সুপারকন্ডাক্টিং চুম্বকের মধ্যে সবচেয়ে বড় চুম্বকটি তৈরি করেছে চীন। সম্প্রতি আনহুই প্রদেশের রাজধানী হেফেইতে কারিগরি অনুমোদন পেয়েছে চুম্বকটি।

চীনের বিজ্ঞান একাডেমির প্লাজমা ফিজিকস ইনস্টিটিউটের গবেষকেরা জানান, চুম্বকটির ওজন ৫৮২ টন, যা আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার পরীক্ষামূলক রি-অ্যাক্টরে ব্যবহৃত টিএফ চুম্বকের তুলনায় ১ দশমিক ৩ গুণ বেশি। এ ছাড়া এটির শক্তি সঞ্চয়ের ক্ষমতাও তিন গুণ বেশি।

চীনা বিজ্ঞান একাডেমির প্লাজমা ফিজিকস ইনস্টিটিউটের গবেষক উ ইউ বলেন, ‘এই চুম্বকের কাজ হলো প্লাজমা আবদ্ধ রাখা, যাতে ভ্যাকুয়াম চেম্বারের ভেতরের দেয়ালে ওই প্লাজমা আঘাত না করে। এর চৌম্বকক্ষেত্রের তীব্রতা প্লাজমার জন্য প্রয়োজনীয় তাপ ও ঘনত্বের সঙ্গে সম্পর্কিত। এ রকম ১৬টি চুম্বকের একটি বলয় দিয়ে ৬ দশমিক ৫ টেসলার চৌম্বকক্ষেত্র তৈরি করা সম্ভব।’

আর এই অভাবনীয় সাফল্য অর্জনে অন্য কোনো দেশের প্রযুক্তির দ্বারস্থ হতে হয়নি চীনকে।

চীনা বিজ্ঞান একাডেমির প্লাজমা ফিজিকস ইনস্টিটিউটের প্রধান সোং ইয়ুনথাও বলেন, ‘কয়েলটি বিশ্বের সবচেয়ে ভারী এবং বর্তমানে সমস্ত সুপারকন্ডাক্টিং কয়েলের মধ্যে সর্বোচ্চ শক্তিসম্পন্ন। আমরা এতে বিশেষ স্টেইনলেস স্টিল ব্যবহার করছি। আমাদের সুপারকন্ডাক্টিং উপকরণগুলোর সবই চীনে তৈরি। প্রকল্পটি শতভাগ দেশীয় পণ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে।’

অন্যদিকে, একই দিন চীন তার কৃত্রিম সূর্য প্রকল্পে একটি উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টিং চুম্বকের ওপরও গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে। ওই চুম্বক বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপারকন্ডাক্টিং টোকামাক অথবা বেস্ট প্রকল্পের জন্য নকশা করা হয়েছে।

চীনা প্রযুক্তিতে চুম্বকটি ৬০ কিলো অ্যাম্পিয়ারের স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহ এবং ৬ দশমিক শূন্য ৩ মেগাজুল শক্তি সঞ্চয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত কোনো চুম্বকের অর্জিত সর্বোচ্চ শক্তি।

সূত্র: সিএমজি

প্রযুক্তি খাতের শীর্ষ ১০ সিইও

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার সরিয়ে নিল মেটা

ব্যবসায়িক তথ্য চুরি: ওপেনএআই ও দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অ্যাপলের মামলা

জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোকে এআই সেবা দিচ্ছে ওপেনএআই-গুগল

নিজের কোম্পানির ৩২০০ কর্মী ছাঁটাই, তিনিই হলেন মার্কিন কর্মসংস্থান টাস্কফোর্সের প্রধান