হোম > প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

ফিচার ডেস্ক

ডিজিটাল দুনিয়ায় এখন এক অদ্ভুত সময় চলছে। আপনার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে ভেসে ওঠা চমৎকার হাসিমুখের কোনো মানুষ কি আসলেই রক্ত-মাংসের, নাকি কোনো কম্পিউটারের সৃষ্টি, তা চট করে বোঝার উপায় নেই। এআইয়ের তৈরি ডিপফেক মুখগুলো এখন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ মানুষের পক্ষে সেগুলোকে আসল মানুষের ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে। স্টাইলজ্যান-৩-এর মতো অত্যাধুনিক এআই টুলগুলো এখন এতটাই নিখুঁত ছবি তৈরি করছে, খালি চোখে যেগুলোর আসল-নকলের পার্থক্য করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আগে এআইয়ের তৈরি ছবিতে বাড়তি আঙুল কিংবা অদ্ভুত কানের দুলের মতো ভুল বা ‘ভিজ্যুয়াল আর্টফ্যাক্ট’ দেখে নকল চেনা যেত। কিন্তু এআই এখন নিজের ভুল থেকে শিখে আরও নিখুঁত হয়ে উঠেছে। এই এআই-প্রতারণা চেনার উপায় কী—এই প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি এক গবেষণা চালিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের ড. ক্লেয়ার সাদারল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমোশনস অ্যান্ড ফেসেস ল্যাবের পরিচালক অধ্যাপক অ্যামি ডাওয়েল। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের গবেষকদের নিয়ে গঠিত এই যৌথ দল একটি আশাবাদী তথ্য সামনে এনেছেন। তাঁরা বলছেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে এআইয়ের ফাঁদ ধরতে পারদর্শী করে তোলা সম্ভব। প্রধান গবেষক এবং সহযোগী অধ্যাপক অ্যামি ডাওয়েল বলেন, ‘আমাদের প্রশিক্ষণটি মানুষের মনোযোগ এমন কিছু সার্বিক বৈশিষ্ট্যের দিকে চালিত করে, যা এআই এবং মানুষের মুখের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এআইয়ের তৈরি মুখগুলো সাধারণত বেশি সামঞ্জস্যপূর্ণ, সমানুপাতিক এবং আকর্ষণীয় হয়। কিন্তু কোনো প্রশিক্ষণ ছাড়া আমরা প্রায়ই এগুলোকে আসল মানুষ হওয়ার লক্ষণ বলে মনে করি।’

যেভাবে চিনবেন এআইয়ে তৈরি ছবি

কোনো ছবি এআই দিয়ে তৈরি কি না, তা বুঝতে হলে সস্তা কোনো খুঁত খুঁজলে চলবে না। আমাদের নজর দিতে হবে মানুষের চিরন্তন কিছু অপূর্ণতা ও সূক্ষ্ম বৈশিষ্ট্যের ওপর। গবেষকেরা মূলত ৬টি বিষয়ের ওপর জোর দিয়েছেন। এগুলো হলো—

  • সামঞ্জস্য: মানুষের মুখ কখনোই পুরোপুরি নিখুঁত হয় না। চোখের সামান্য একটু ড্রপিং বা হাসির একদিকের সামান্য বাঁক আমাদের মানুষ করে তোলে। এআইয়ের তৈরি মুখগুলো ‘অতিরিক্ত নিখুঁত’ হয়।
  • অনুপাত: এআই সাধারণত বিকৃত বা অতি বড় নাক-কানের অবয়ব তৈরি করে না।
  • আকর্ষণ ক্ষমতা: এআই সাধারণত গড়পড়তার চেয়ে বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন মুখ তৈরি করতে বেশি পছন্দ করে।
  • স্বাতন্ত্র্য: ভিড়ের মাঝে চেনা যায় এমন অনন্য বৈশিষ্ট্য এআইয়ের তৈরি মুখে থাকে না। এগুলো সাধারণত খুব গড়পড়তা বা জেনেরিক হয়।
  • অভিব্যক্তি: কৃত্রিম মুখের আবেগ প্রকাশের ক্ষমতা মানুষের চেয়ে অনেক কম ও নিষ্প্রাণ হয়।
  • স্মরণ যোগ্যতা: এআইর তৈরি মুখগুলো সাধারণ হওয়ায় তা সহজে মনে রাখা কঠিন।

এই সক্ষমতা অর্জন করা এখন সময়ের দাবি। বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এআই ডিপফেক স্ক্যামের কারণে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আগামী বছর ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। হংকংয়ের এক সংস্থায় বসের ডিপফেক ভিডিও ক্লিপ দেখিয়ে ২৫ মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মার্কিন রাজনীতিতে ‘কেটি জোন্স’ নামের কাল্পনিক এআই নারী প্রোফাইল ব্যবহার করে গুপ্তচরবৃত্তির চেষ্টা করেছে। এই প্রযুক্তি যে কতটা বিপজ্জনক, এই ঘটনাগুলো তার প্রমাণ।

তবে আশার কথা হলো, জেনারেটিভ এআই প্রচুর ডেটা দেখে যেভাবে নিজে নিজে শেখে, সেভাবেই মানুষের মস্তিষ্কও অভিজ্ঞতার মাধ্যমে এই ফেক বা নকলের অনুভূতিটি নিজের ভেতর তৈরি করে নিতে পারে। এআই প্রতিনিয়ত শিখছে ঠিকই, তবে মানুষের সচেতনতা আর তীক্ষ্ণ দৃষ্টিই পারে এই কৃত্রিম ফাঁদ রুখে দিতে।

সূত্র: বিবিসি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি

প্রযুক্তি খাতের শীর্ষ ১০ সিইও

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার সরিয়ে নিল মেটা

ব্যবসায়িক তথ্য চুরি: ওপেনএআই ও দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অ্যাপলের মামলা

জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোকে এআই সেবা দিচ্ছে ওপেনএআই-গুগল

নিজের কোম্পানির ৩২০০ কর্মী ছাঁটাই, তিনিই হলেন মার্কিন কর্মসংস্থান টাস্কফোর্সের প্রধান