হোম > প্রযুক্তি

এক্সে যুক্ত হলো লেনদেন সুবিধা, মাস্কের নতুন চমকে যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ইলন মাস্ক তাঁর এক্স প্ল্যাটফর্মে ডিজিটাল লেনদেনের সুবিধাও যুক্ত করেছে। প্রতীকী ছবি

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া অ্যাপ এক্স গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রে তাদের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য ‘এক্স মানি’ নামের ব্যাংকিং সেবা চালু করেছে। প্ল্যাটফর্মটিকে ‘এভরিথিং অ্যাপ’ বা সবকাজের কাজী অ্যাপে পরিণত করার যে স্বপ্ন এই বহুমাত্রিক বিলিয়নেয়ার এতদিন দেখে আসছিলেন, তারই এক বড় পদক্ষেপ এটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর মাধ্যমে সেবাটির আওতা আরও বাড়ল। এতদিন, অর্থাৎ জুনের শেষভাগ থেকে এটি কেবল শীর্ষ স্তরের নির্দিষ্ট কিছু গ্রাহকের হাতে পরীক্ষামূলকভাবে সীমাবদ্ধ ছিল।

‘এক্স মানি’র মাধ্যমে গ্রাহকেরা অ্যাপ না ছেড়েই নিজেদের অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন, অন্যকে সরাসরি টাকা পাঠাতে পারবেন, বিভিন্ন পরিষেবা বিল মেটাতে পারবেন, ওয়্যার ট্রান্সফার করতে পারবেন, এমনকি ডাকযোগে চেকও পাঠাতে পারবেন।

গ্রাহকদের জমা করা অর্থ থাকবে নিউ জার্সিভিত্তিক ঋণদানকারী প্রতিষ্ঠান ক্রস রিভার ব্যাংকে। প্রতিষ্ঠানটি আরও কয়েকটি ফিনটেক অ্যাপকে সেবা দিয়ে থাকে। এর পাশাপাশি ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) থেকে প্রতি অ্যাকাউন্টে আড়াই লাখ ডলার পর্যন্ত জমা অর্থের ওপর বীমা সুরক্ষাও মিলবে।

মাস্ক বহু দিন ধরেই বলে আসছেন, তিনি এক্স-কে চীনের জনপ্রিয় অ্যাপ ‘উইচ্যাট’-এর মতো করে গড়ে তুলতে চান। চীনে মেসেজিং, কেনাকাটা আর লেনদেনের মূল ভরসা হলো এই উইচ্যাট, যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার মূল ভিত্তি।

এক্স মানির এক পোস্টে জানানো হয়েছে, গ্রাহকেরা জমা অর্থের ওপর বছরে সর্বোচ্চ ছয় শতাংশ পর্যন্ত বার্ষিক আয় বা রিটার্ন পাবেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিযোগিতামূলক সেভিংস অ্যাকাউন্টগুলো যেখানে চার থেকে পাঁচ শতাংশ মুনাফা দেয়, আর বড় বড় ঐতিহ্যবাহী ব্যাংকগুলোর সুদের হার যেখানে প্রায় শূন্যের কাছাকাছি, সেখানে ছয় শতাংশের এই হার বেশ চড়া।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা সরাসরি এই সর্বোচ্চ হারের সুবিধা পাবেন। তবে সাধারণ প্রিমিয়াম গ্রাহকদের ক্ষেত্রে এই সুবিধা পেতে হলে ডিরেক্ট-ডিপোজিট সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। ক্রস রিভার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সোশ্যাল মিডিয়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা প্রথম সরকারি বীমাপ্রাপ্ত ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছে।

নিজেদের কোটি কোটি ব্যবহারকারীর ওপর ভর করে এই চালের মাধ্যমে এক্স এখন সরাসরি পেপ্যালের ‘ভেনমো’, ব্লকের ‘ক্যাশ অ্যাপ’ কিংবা ‘সোফাই’-এর মতো বাজার মাতানো পেমেন্ট অ্যাপগুলোর মুখোমুখি দাঁড়িয়ে গেল।

তবে সেবাটি ব্যাপকভাবে চালুর আগেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের খটু দৃষ্টিতে পড়েছিল। সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট এলিজাবেথ ওয়ারেন গত ১৪ এপ্রিল পাঠানো এক চিঠিতে মাস্কের কাছে জানতে চান, এক্স মানি গ্রাহকদের অত উচ্চ হারে মুনাফা দেওয়ার মতো পর্যাপ্ত আয় আসলে কীভাবে তৈরি করবে? সেই সঙ্গে ঋণ দেওয়ার অনিয়মের কারণে অতীতে ক্রস রিভার ব্যাংকের বিরুদ্ধে এফডিআইসির নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

নরেন্দ্র মোদির সেই ভিডিও ব্লক করল ফেসবুক, যে ব্যাখ্যা দিল মেটা

তরুণেরা যেখানে বাড়িয়ে নিচ্ছেন দক্ষতার ঝুলি

প্রযুক্তি বিশ্বে অস্থিরতার নতুন চিত্র

শিশু-কিশোরদের সুরক্ষা: বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ঢেউ

ওপেনএআইয়ের সাইবার আক্রমণ: সতর্কতার ঘণ্টা নাকি প্রচারের নতুন কৌশল

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৪ ফিচার

ফেসবুক-ইনস্টাগ্রামে যৌন উদ্দীপক অ্যাপের বিজ্ঞাপন, আসছে চীন থেকে

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ