হোম > প্রযুক্তি

৪৯০ কোটি টাকায় বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

আজকের পত্রিকা ডেস্ক­

গত মে মাসে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির মডেল ‘লুস’ উন্মোচন করে ফেরারি। ছবি: সোথবি’স

ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুস’ (Luce) দাতব্য নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪ কোটি ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৪৯০ কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সোথবি’স আয়োজিত নিলামে বিক্রি হওয়া নতুন কোনো গাড়ির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। গাড়িটির স্বাভাবিক দামের তুলনায় নিলামে পাওয়া অর্থ ৩৫ গুণেরও বেশি।

সোমবার (১৭ আগস্ট) বিবিসি জানায়, লুস-এর নকশার পেছনে রয়েছেন বিখ্যাত ব্রিটিশ ডিজাইনার স্যার জনি আইভ। আইফোনের নকশা তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নিলামে বিক্রি হওয়া গাড়িটিতে রয়েছে বিশেষ সাদা রঙ, অনন্য চাকা, কাস্টমাইজড ব্রেক এবং বেশ কিছু বিশেষভাবে তৈরি যন্ত্রাংশ। বিপুল দামে বিক্রি হলেও গাড়িটির ক্রেতার পরিচয় প্রকাশ করেনি সোথবি’স।

নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে। গত মে মাসে গাড়িটি উন্মোচনের পর ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনারও মুখে পড়ে ফেরারি। ঐতিহ্যবাহী স্পোর্টসকারের নকশা থেকে সরে আসা এবং গাড়িটিতে পাঁচটি আসন রাখার কারণে অনেকে মনে করেন, এটি ফেরারির দীর্ঘদিনের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। ব্যাটারিচালিত হওয়ায়ও সমালোচনার মুখে পড়ে গাড়িটি।

লুস-এর উদ্বোধনকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় গাড়ি উন্মোচন হিসেবে দেখা হয়েছিল। এর মাধ্যমে টেসলা ও চীনা নির্মাতাদের নেতৃত্বাধীন বৈদ্যুতিক গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি। গাড়িটি দেখতে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও পোপ লিওকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে উদ্বোধনের পরদিনই ফেরারির শেয়ারের দাম কমে যায়। ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনিসহ অনেকে গাড়িটির সমালোচনা করেন। সাবেক ফেরারি চেয়ারম্যান লুকা কর্দেরো দি মনতেজেমোলো মন্তব্য করেছিলেন—একটি কিংবদন্তিকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে লুস।

ফেরারির প্রধান ডিজাইন কর্মকর্তা ফ্লাভিও মানজোনি অবশ্য সমালোচনাকে উদ্ভাবনের স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন। চীনে শক্তিশালী চাহিদার কারণে চলতি বছরের বিক্রয় লক্ষ্যমাত্রাও পূরণ হয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

এর আগে ২০২৫ সালে ফেরারির কাস্টম তৈরি Daytona SP 3 নিলামে ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়ে নতুন গাড়ির সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড গড়েছিল। তবে সব ধরনের গাড়ির নিলাম রেকর্ড এখনো ১৯৫৫ সালের বিরল মার্সিডিস-বেঞ্জ 300 SLR Uhlenhaut Coupé-এর দখলে। ২০২২ সালে গাড়িটি বিক্রি হয়েছিল ১৪ কোটি ২০ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৪২ কোটি টাকা!