হোম > প্রযুক্তি

বিতর্কের মুখে স্মার্ট গ্লাস

ফিচার ডেস্ক

নতুন নতুন প্রযুক্তিপণ্যের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল স্মার্ট গ্লাস। এর রয়েছে ব্যাপক সুবিধা। চশমার ফ্রেমে হালকা স্পর্শ করেই ফোন কল করা যায়। শুধু তা-ই নয়, এই স্মার্ট গ্লাসের সাহায্যে এআই ব্যবহার এবং ছবি বা ভিডিও তোলা যায়। তবে ডিজিটাল দুনিয়ায় বিতর্ক শুরু হয়েছে এই চশমা নিয়ে। বলা হচ্ছে, সুবিধা অনেক হলেও সাধারণ মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত করবে এই ডিজিটাল চশমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই চশমা দিয়ে তোলা ইতিবাচক ভিডিও জনপ্রিয় হলেও এর অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যের রেস্তোরাঁ চেইন ওয়েদারস্পুনস ও কমিক কন-এর মতো ইভেন্টে এটি দিয়ে ভিডিও তোলা নিষিদ্ধ করা হয়েছে। নারী অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, সম্মতি ছাড়া গোপন নজরদারি বা হয়রানির কাজে এটি ব্যবহৃত হতে পারে। এমনকি রাস্তাঘাটে না জানিয়ে ভিডিও করা ঠেকাতে পর্যাপ্ত আইন নেই বলেও তাঁরা মনে করেন।

তবে এই মুদ্রার বিপরীত পিঠও রয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মেটা চশমা বিক্রি হয়েছে। চক্ষুবিশেষজ্ঞদের মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের পথচলতি সাইনবোর্ড বা খবরের কাগজ পড়ে শোনানোর ক্ষেত্রে এই প্রযুক্তি এক অনন্য বিপ্লব এনেছে। মেটা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, চশমায় রেকর্ডিংয়ের সময় জ্বলতে থাকা লাইট ঢেকে দিলে ক্যামেরা আপনাতেই বন্ধ হয়ে যায়। স্মার্ট গ্লাস দিয়ে হয়রানিমূলক ভিডিও প্রকাশ করলে তা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইনস্টাগ্রাম।