যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। এমন পরিস্থিতিতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চলতি সপ্তাহে চীনে অগ্রগতি আনার চেষ্টা করছেন। খবর রয়টার্সের।
এক সূত্র জানিয়েছে, শুরুতে বেইজিংগামী হোয়াইট হাউস প্রতিনিধিদলের তালিকায় জেনসেন হুয়াংয়ের নাম ছিল না। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি সফরে যোগ দেন। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে বেইজিং যাওয়ার পথে ট্রাম্প নিজেই তাঁকে সঙ্গে নেন। এতে আশা তৈরি হয়েছে, এই সফরের মাধ্যমে চীনে এইচ–২০০ চিপ বিক্রির স্থগিত প্রচেষ্টা হয়তো শেষ পর্যন্ত অগ্রগতি পাবে।
এই পরিস্থিতির গুরুত্ব অনেক বড়। এটি দেখিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিদ্বন্দ্বিতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে অনুমোদিত বাণিজ্যও জটিলতায় আটকে যাচ্ছে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এবং শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া দুই দেশের পরস্পরবিরোধী জাতীয় অগ্রাধিকারের মাঝখানে আটকা পড়েছে।
যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার আগে চীনের উন্নত চিপের বাজারের প্রায় ৯৫ শতাংশই ছিল এনভিডিয়ার দখলে। একসময় কোম্পানিটির মোট আয়ের ১৩ শতাংশ আসত চীন থেকে। জেনসেন হুয়াং এর আগেও বলেছিলেন, শুধু চীনের এআই বাজারের মূল্যই চলতি বছরে ৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে।
সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স এবং জেডি ডটকমসহ প্রায় ১০টি চীনা কোম্পানিকে এনভিডিয়ার এইচ–২০০ চিপ কেনার অনুমোদন দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছেন, লেনোভো এবং ফক্সকনের মতো কয়েকটি প্রতিষ্ঠানকেও অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ক্রেতারা সরাসরি এনভিডিয়ার কাছ থেকে অথবা এসব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চিপ কিনতে পারবে। যুক্তরাষ্ট্রের লাইসেন্স নীতিমালা অনুযায়ী, প্রতিটি অনুমোদিত গ্রাহক সর্বোচ্চ ৭৫ হাজার চিপ কিনতে পারবে।
এইচ–২০০ সেমিকন্ডাক্টরের মতো পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ তদারকি করা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। লেনোভো রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটি ‘এনভিডিয়ার রপ্তানি লাইসেন্সের অংশ হিসেবে চীনে এইচ–২০০ বিক্রির অনুমোদন পাওয়া কয়েকটি কোম্পানির একটি।’
এনভিডিয়া, আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স, জেডি ডটকম এবং ফক্সকন মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। আজ বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে জেনসেন হুয়াং বলেন, বেইজিংয়ে বৈঠকের সময় ট্রাম্প ও সি চিনপিং তাদের ‘ভালো সম্পর্ক’ আরও এগিয়ে নিয়ে গিয়ে দুই দেশের সম্পর্ক উন্নত করবেন বলে তিনি আশা করেন।