প্রায় তিন দশক ধরে অ্যাপল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যা সমাধান ও বিভিন্ন তথ্য আদান-প্রদানের সুযোগ দিয়ে আসা অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি মাসের শেষ দিকে এটি বন্ধ হবে।
ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে নতুন পোস্ট দেওয়া বন্ধ করে প্ল্যাটফর্মটিকে শুধু পড়ার উপযোগী করে রাখা হয়েছে।
অ্যাপল আজ জানিয়েছে, ২০২৬ সালের ২০ নভেম্বর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে অ্যাপল সাপোর্ট কমিউনিটি। ইতিমধ্যে সাইটটি শুধু পড়ার উপযোগী অবস্থায় নেওয়া হয়েছে।
আইফোন, আইপ্যাড, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন পণ্য নিয়ে প্রযুক্তিগত সমস্যার সমাধান খোঁজা, ব্যবহারবিষয়ক পরামর্শ পাওয়া এবং অভিজ্ঞতা ও উদ্বেগের কথা জানানোর জন্য অনলাইন ফোরাম হিসেবে কাজ করত প্ল্যাটফর্মটি।
বন্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের সহায়তা ও প্রযুক্তিগত সমস্যা সমাধানের নির্দেশনা পেতে অ্যাপলের আনুষ্ঠানিক সাপোর্ট ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সাইটে প্রকাশিত সর্বশেষ আলোচনাটি ১০ নভেম্বর পোস্ট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে এখন আর নতুন প্রশ্ন বা উত্তর দেওয়া যাচ্ছে না। তবে আগে প্রকাশিত আলোচনাগুলো পড়া, পুরোনো আলোচনা খোঁজা এবং ভোট দেওয়া ও ‘মি টু’ (আমারও একই সমস্যা) অপশনসহ কয়েকটি সুবিধা ব্যবহার করা যাচ্ছে।
১৯৯৮ সালে ‘অ্যাপল টেক এক্সচেঞ্জ’ নামে যাত্রা শুরু করেছিল প্ল্যাটফর্মটি। শুরুতে এখানে ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে পারতেন, নিজেরাও প্রশ্ন করতে পারতেন এবং সহায়ক কনটেন্টে ভোট দিতে পারতেন। অ্যাপলের পণ্য ও সফটওয়্যারের সাধারণ সমস্যার সমাধান খুঁজতে ব্যবহারকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করেছে।
এ ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা বিভিন্ন আলোচনায় নিজেদের সাবস্ক্রিপশন পরিচালনা, স্বীকৃতিসূচক পয়েন্ট অর্জন এবং অ্যাপল ইকোসিস্টেম নিয়ে ‘ইউজার টিপস’ লেখার সুযোগ পেতেন।