চীনের ছ্যাং’এ-৬ মিশনে চাঁদের দূর প্রান্ত থেকে সংগ্রহ করা একটি নমুনা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে চীন। সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নমুনাটি হস্তান্তর করা হয়।
এই প্রথম চাঁদের দূর প্রান্ত থেকে সংগ্রহ করা কোনো নমুনা জাতিসংঘের কাছে হস্তান্তর করল কোনো দেশ। নমুনাটি এখন থেকে ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে।
চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ), ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী মিশন এবং জাতিসংঘের মহাকাশবিষয়ক কার্যালয় (ইউএনওওএসএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভিয়েনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিভিন্ন দেশের প্রতিনিধিসহ ৪০০ জনের বেশি অতিথি অংশ নেন।
অনুষ্ঠানে চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের প্রশাসক শান চোংত্য, ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক মোনিকা জুমা, ইউএনওওএসএর পরিচালক আর্তি হোলা-মাইনি এবং ভিয়েনায় জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লি সোং যৌথভাবে চাঁদের নমুনাটি উন্মোচন করেন।
শান চোংত্য বলেন, জাতিসংঘকে চাঁদের এই নমুনা দেওয়া আন্তর্জাতিক সহযোগিতা ও মানবজাতির জন্য মহাকাশ গবেষণার সুফল ভাগ করে নেওয়ার ক্ষেত্রে চীনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শান চোংত্য বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মহাকাশ গবেষণার অর্জন ভাগ করে নিতে, নতুন সুযোগ তৈরি করতে এবং যৌথভাবে উন্নয়নে কাজ করতে প্রস্তুত।
ইউএনওওএসএর পরিচালক আর্তি হোলা-মাইনি আশা প্রকাশ করেন, ভিয়েনায় প্রদর্শিত চাঁদের এই নমুনা মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি