হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটি হেলথ এবার অ্যান্ড্রয়েডে, যুক্ত করা যাবে স্বাস্থ্য ও ফিটনেস অ্যাপ

আজকের পত্রিকা ডেস্ক­

স্বাস্থ্য নিয়ে চ্যাটবটের সঙ্গে কথা বলতে চ্যাটজিপিটি হেলথ। ছবি: ওপেনএআই

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটজিপিটি হেলথ’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিটনেস অ্যাপ ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য (ওয়্যারেবল ডিভাইস) যুক্ত করে দৈনন্দিন জীবনযাপনের অভ্যাস সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারবেন।

সান ফ্রান্সিসকোভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানটির ভাষ্য, এআই চ্যাটবটটি ব্যবহারকারীদের স্বাস্থ্য ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে ঘুম, ব্যায়াম এবং সুস্থতা-সংক্রান্ত অন্যান্য সূচকের ধরন ও পরিবর্তন বুঝতে সহায়তা করবে।

এ সম্প্রসারণের ফলে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ওপেনএআইয়ের ব্যক্তিগত এআই এজেন্ট ‘ডটস’-এও যুক্ত হচ্ছে। সংযুক্ত তথ্যের ভিত্তিতে এসব এজেন্ট ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে মনে করিয়ে দিতে এবং পরামর্শ দিতে পারবে।

ওপেনএআই জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের ‘হেলথ কানেক্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য ও ফিটনেসের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে চ্যাটজিপিটি সমর্থিত অ্যাপ ও ওয়্যারেবল ডিভাইস থেকে নির্বাচিত তথ্য সংগ্রহ করতে পারবে। এসব ডিভাইস ও সেবার মধ্যে রয়েছে গারমিন, ওউরা এবং হুপ। তবে এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবায় হেলথ কানেক্টের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য ভাগ করার সুবিধা থাকতে হবে।

তথ্য যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা নিজেদের শারীরিক কর্মকাণ্ড, ঘুম ও ব্যায়ামের ধরন নিয়ে চ্যাটজিপিটিকে প্রশ্ন করতে পারবেন। উদাহরণ হিসেবে, কোনো দিন বেশি শারীরিক পরিশ্রম করলে পরবর্তী সময়ে ঘুমের মান ভালো হয় কি না, কিংবা সাধারণত কোন সময়ে তাঁরা বেশি হাঁটা কার্যকরী, এসব বিষয় জানতে পারবেন। চ্যাটজিপিটির স্বাভাবিক কথোপকথনে প্রশ্ন করার পাশাপাশি সংযুক্ত তথ্যের ভিত্তিতে উত্তর পেতে ‘@Health’ ট্যাগও ব্যবহার করা যাবে।

এ সম্প্রসারণের ফলে সংযুক্ত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ‘ডটস’-এও ব্যবহার করা যাবে। সাধারণ চ্যাটবট ব্যবহারকারীর প্রশ্নের জবাব দেয়। কিন্তু ডটসের মতো এআই এজেন্ট ব্যবহারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজে থেকেই পরামর্শ দিতে পারে।

উদাহরণ দিয়ে ওপেনএআই জানিয়েছে, কোনো ব্যবহারকারীর নিয়মিত জিমে যাওয়ার সময়ের সঙ্গে অফিসের বৈঠকের সময় মিলে গেলে ডট বিকল্প সময়ে ব্যায়াম করার পরামর্শ দিতে পারে।

গোপনীয়তার বিষয়ে ওপেনএআই জোর দিয়ে বলেছে, হেলথের মাধ্যমে যুক্ত করা তথ্য বিশেষ করে চিকিৎসা-সংক্রান্ত নথি এবং অ্যাপল হেলথ বা হেলথ কানেক্ট থেকে পাওয়া তথ্য তাদের ফাউন্ডেশন মডেল প্রশিক্ষণে কিংবা বিজ্ঞাপন লক্ষ্য নির্ধারণে ব্যবহার করা হয় না। তবে সংযুক্ত স্বাস্থ্যতথ্যের উল্লেখ থাকা কথোপকথন এবং সেসব তথ্য থেকে তৈরি বিষয়বস্তু ওপেনএআইয়ের মডেল উন্নয়নে ব্যবহার করা হতে পারে। এটি নির্ভর করবে ব্যবহারকারীর মডেল উন্নয়ন-সংক্রান্ত সেটিংসের ওপর।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী, লগ-ইন করা যোগ্য ব্যবহারকারীরা ফ্রি, গো, প্লাস ও প্রোর আওতায় হেলথ সুবিধাটি ব্যবহার করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েডে সুবিধাটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। ফলে সবার অ্যাপে এখনই ‘হেলথ’ বিভাগটি দেখা নাও যেতে পারে।

সুবিধাটি ব্যবহার শুরু করতে প্রথমে চ্যাটজিপিটি অ্যাপ হালনাগাদ করতে হবে। এরপর সাইডবার অথবা ‘এক্সপ্লোর’ মেনু থেকে ‘হেলথ’ বিভাগে গিয়ে ‘হেলথ কানেক্ট’ নির্বাচন করতে হবে। সবশেষে কোন কোন শ্রেণির স্বাস্থ্য ও ফিটনেসের তথ্য ভাগ করতে চান, তা বেছে নিতে হবে।