শেয়ার বাজারে যাত্রা শুরুর প্রথম দিনে চমক দেখানোর পর দ্বিতীয় দিনেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির ব্যাপক চাপের কারণে শুক্রবার (২০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর প্রাথমিক গণপ্রস্তাব মূল্যের (আইপিও) কাছাকাছি নেমে এসেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে চলমান উদ্বেগের পাশাপাশি এনভিডিয়া এবং স্পেসএক্স-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ঘিরে তৈরি হওয়া সুনির্দিষ্ট কিছু জটিলতার কারণে বিশ্বজুড়ে শেয়ার বাজারে এই ধস নেমেছে।
শুক্রবার দিনশেষে যুক্তরাষ্ট্রের প্রধান সবকটি শেয়ার সূচকেই বড় ধরনের পতন দেখা গেছে। সপ্তাহের শুরুর দিকের পতনের ধারাবাহিকতায় ‘এসঅ্যান্ডপি ৫০০’ এবং ‘ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ’ সূচক ‘কারেকশন টেরিটরি’ বা সংশোধন অঞ্চলে প্রবেশ করেছে—অর্থাৎ সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে সূচকগুলো ১০ শতাংশ বা তার বেশি নিচে নেমে এসেছে।
শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩ দশমিক ৭ শতাংশ, ডাও জোন্স ১ দশমিক ৯ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৩ শতাংশ কমেছে। তবে এক বছর আগের অবস্থানের তুলনায় তিনটি সূচকই এখনো ওপরে রয়েছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারেও এর বড় প্রভাব পড়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার কসপি এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ৫ শতাংশ কমেছে। এসকে হাইনিক্স, কিওক্সিয়া, টোকিও ইলেকট্রন এবং স্যামসাং ইলেকট্রনিক্সের মতো চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর কমেছে। তাইওয়ানের শেয়ার বাজার শুক্রবার প্রায় ৬ শতাংশ পড়েছে, যার ফলে পুরো সপ্তাহে দেশটির বাজারে ১৭ শতাংশের বেশি পতন ঘটেছে—যা ১৯৯০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন বলে জানানো হয়েছে।
অপর দিকে জার্মানির ড্যাক্স সূচক ২ দশমিক ৬ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ ১ দশমিক ৯ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ কমেছে।
গত বৃহস্পতিবার নাসডাক শেয়ার বাজারে অভিষেক হয়েছিল চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিকের। সেদিন ৮৩ ডলার অভিহিত মূল্যের বিপরীতে ১১১ দশমিক ৫০ ডলারে লেনদেন শুরু করে দিনশেষে ১৭ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ১৭ ডলারে স্থির হয়েছিল। কিন্তু শুক্রবার একপর্যায়ে এর দর ১২ শতাংশের বেশি কমে প্রায় ৮৫ ডলারে নেমে আসে এবং দিনশেষে ৮ দশমিক ৫ শতাংশ পতনের মধ্য দিয়ে আগের দিনের অর্ধেক লাভই মুছে যায়।
বিশ্লেষকদের মতে, প্রথম বিশুদ্ধ এআই কোম্পানি হিসেবে শেয়ার বাজারে আসায় প্রথম কয়েক দিন বা সপ্তাহে অ্যানথ্রপিকের শেয়ারে এমন অস্থিরতা অস্বাভাবিক নয়। এর আগে চলতি বছরের জুনে ইলন মাস্কের ‘স্পেসএক্স’ ইতিহাসের বৃহত্তম আইপিও নিয়ে বাজারে আসার পর প্রথম কয়েক সপ্তাহ এমন বড় উত্থান-পতনের মুখে পড়েছিল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘আলফাসেন্স’-এর কৌশলবিদ এড মোয়া বিবিসিকে বলেন, অ্যানথ্রপিকের সফল অভিষেকও সামগ্রিক এআই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। তিনি বলেন, ‘ওয়াল স্ট্রিট এখন যেকোনো মূল্যে প্রবৃদ্ধিকে পুরস্কৃত করার অবস্থান থেকে সরে এসে শক্তিশালী নগদ অর্থ প্রবাহ এবং মুনাফার স্পষ্ট পথ দেখতে চাচ্ছে।’
এদিকে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারেও বড় পতন হয়েছে। হিসাবরক্ষণ পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত করছে—বার্তা সংস্থা রয়টার্সের এমন প্রতিবেদনের পর কোম্পানিটির শেয়ার দর ১৩ দশমিক ৭ শতাংশ পড়ে গেছে।
এদিন ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স—উভয়ের শেয়ার দরই ৭ দশমিক ৬ শতাংশের বেশি কমেছে। ইতিহাসের বৃহত্তম এনভিডিয়া চিপ কেনার অর্থ জোগাড়ে বন্ড বিক্রির ঘোষণা দেওয়ার পর স্পেসএক্সের শেয়ারে এই চাপ তৈরি হয়।
এ ছাড়া মেটার শেয়ার ৫ শতাংশের বেশি এবং আমাজনের শেয়ার ৪ শতাংশের বেশি কমেছে। এ ছাড়া অ্যাপল ও অ্যালফাবেটের শেয়ারেও সামান্য পতন দেখা গেছে।
গত এক বছরে মাত্র কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এআই অবকাঠামো নির্মাণে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের বেশি ব্যয় করেছে। বিনিয়োগের এই অস্বাভাবিক গতির কারণে বাজারে আর্থিক বুদবুদ বা ‘বাবল’ তৈরি হচ্ছে কি না এবং এই বিপুল বিনিয়োগ থেকে কবে মুনাফা আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর এআই প্রযুক্তির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ এবং এর উন্নয়নের গতি কমে যাওয়ার আশঙ্কাও বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলেছে।