হোম > প্রযুক্তি

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রযুক্তি ডেস্ক

মধ্য আমেরিকার দেশ পানামা বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার দূরে। আজ সে দেশের রাজধানী পানামা সিটিতে বসতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্বের অন্যতম রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩। এটি প্রতিযোগিতার ২৫তম আসর। এই আসরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের তিনটি দল এরই মধ্যে পানামা সিটিতে পৌঁছেছে।

বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী দলগুলো হলো ‘মেকাস্ক্র্যাচ_৪০৪’, ‘রোবনিয়াম বাংলাদেশ’ এবং ‘বাইট ব্যানডিটস’। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে প্রতিযোগীরা সশরীরে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনটি দলে মোট আটজন প্রতিযোগী রয়েছেন। তাঁরা হলেন টিম মেকাস্ক্র্যাচ_৪০৪-এর নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক‍্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরী। টিম রোবনিয়াম বাংলাদেশে রয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম।

টিম বাইট ব্যানডিটসের সদস্যরা হলেন উইলস‌ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়া, নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন। দলগুলোর দলনেতা হিসেবে আছেন রেদওয়ান ফেরদৌস এবং উপদলনেতা মাহেরুল আজম কোরেশী।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের অন্যতম আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রোবট দলকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুমেলুক ছাবির আহমদ।

২০২০ সালে বাংলাদেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়। বাংলাদেশ ডব্লিউআরওর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করে। সে আসরে বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশ নিয়েছিল। ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। আর এ বছর দ্বিতীয়বারের মতো সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ।

গত সেপ্টেম্বর মাসে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩-এর বাংলাদেশ জাতীয় পর্ব। এ পর্বে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প এবং প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়। অগমেডিক্স বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে টেলিগ্রামকে নোটিশ দিল ভারত

ঘর ঠান্ডা করতে এসি আবিষ্কৃত হয়নি, হয়েছে অন্য যে কারণে

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

ভুয়া ওয়েবসাইট বন্ধের ঘোষণা ভারতের, ইন্টারনেটে বড় বিপর্যয়ের শঙ্কা গোড্যাডির

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ভবিষ্যৎমুখী সাইফাই জগতের গ্যাজেট

হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার