হোম > প্রযুক্তি

শেয়ারবাজার থেকে আরও ৫০০ বিলিয়ন ডলার তুলছে এনভিডিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এআই ব্রিলিয়ান্স

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, সম্ভাব্য চুক্তিগুলোর সর্বোচ্চ ১২৫ বিলিয়ন ডলার। অর্থাৎ মোট সম্ভাব্য অর্থায়নের ২৫ শতাংশ পর্যন্ত, এনভিডিয়া নিজে ব্যাকস্টপ বা নিশ্চয়তা দেওয়ার সুযোগ রাখছে।

এই উদ্যোগটি দেখিয়ে দিচ্ছে, এআই কম্পিউটিং সক্ষমতার দ্রুত বাড়তে থাকা চাহিদা কীভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। সরকার, বড় কোম্পানি এবং স্টার্টআপগুলো এআই-ভিত্তিক কাজের চাপ সামলাতে প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণে দ্রুত বিনিয়োগ বাড়াচ্ছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলোও ইঙ্গিত দিয়েছে যে এআই খাতে তাদের ব্যয় কমার সম্ভাবনা নেই। চলতি বছর এসব কোম্পানির সম্মিলিত ব্যয় ৭৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এনভিডিয়া এ অর্থায়ন প্ল্যাটফর্ম তৈরির জন্য অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাচস এবং কেকেআরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো এআই খাতের অগ্রণী বা ‘ফ্রন্টিয়ার’ পর্যায়ের ডেভেলপার, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার এবং ক্লাউড সেবা প্রদানকারীদের জন্য এনভিডিয়া-ভিত্তিক অবকাঠামো ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত করা। একই সঙ্গে বড় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং বেসরকারি মূলধন সংস্থাগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও ব্যবহারের পরিমাণের সঙ্গে যুক্ত বিনিয়োগের সুযোগ তৈরি করাও এর লক্ষ্য।

হুয়াং বলেন, ‘এই অর্থায়ন প্ল্যাটফর্মগুলো গ্রাহকদের বড় পরিসরে সীমিত সরবরাহের কম্পিউটিং সক্ষমতায় প্রবেশাধিকার পেতে সহায়তা করবে এবং এমন এআই কারখানা নির্মাণে সাহায্য করবে, যা এআইয়ের যুগে প্রতিটি শিল্প ও দেশকে শক্তি জোগাবে।’

এনভিডিয়া জানিয়েছে, এসব ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য পরিমাণ মূলধনের বিশেষ তহবিল তৈরি হবে, যা আকর্ষণীয় হারে অর্থায়নের সুযোগ দেবে। তবে কোম্পানিটি অর্থায়নের আর্থিক শর্তাবলি, প্রতিটি প্রতিষ্ঠানের পৃথক বিনিয়োগের প্রতিশ্রুতির পরিমাণ কিংবা পরিকল্পিত ৫০০ বিলিয়ন ডলার কবে নাগাদ বিনিয়োগ করা হবে—সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।