হোম > প্রযুক্তি

প্রযুক্তি খাতের শীর্ষ ১০ সিইও

পল্লব শাহরিয়ার

আজকের দিনে বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের রূপরেখা বদলে দিচ্ছেন একদল দূরদর্শী প্রধান নির্বাহী। পুরোনো আমলের কম্পিউটার ব্যবস্থা ছেড়ে বিশ্বজুড়ে এখন স্বয়ংক্রিয় কাজের ধারা, কাস্টম চিপ এবং বিশাল পরিকাঠামো তৈরির যে জোয়ার এসেছে, এই নেতারাই তার নেতৃত্ব দিচ্ছেন। হার্ডওয়্যার তৈরি থেকে শুরু করে মানুষের সঙ্গে যন্ত্রের মেলবন্ধন ঘটানো সফটওয়্যার—সবখানেই তাঁদের অবদান অনস্বীকার্য। বাজারের বিশাল আর্থিক মূল্য ধরে রেখে ব্যবসা টিকিয়ে রাখার এই লড়াইয়ে যাঁরা এগিয়ে আছেন, এমন শীর্ষ ১০ সিইওকে নিয়ে এই ফিচার।

মাইকেল ডেল। ছবি: সংগৃহীত

১০. মাইকেল ডেল

ডেল টেকনোলজিস, টেক্সাস, যুক্তরাষ্ট্র

মাইকেল ডেলের দক্ষ পরিচালনায় ডেল শুধু কম্পিউটার তৈরির প্রতিষ্ঠান থেকে করপোরেট-জগতের আইটি পরিকাঠামো তৈরির একটি জায়ান্টে পরিণত হয়েছে। ডেটাসেন্টারের আধুনিকায়নের এই যুগে এআই সার্ভারের বাজারে তারা বড় একটি অংশ দখল করে আছে। বিশ্বের নামী চিপ নির্মাতাদের সঙ্গে যৌথভাবে তারা এমন শক্তিশালী সার্ভার বানাচ্ছে, যা বিশ্বজুড়ে বড় বড় প্রতিষ্ঠানের জটিল কাজ সহজ করে দিচ্ছে।

ড. লিসা সু।

৯. ড. লিসা সু

এএমডি, টেক্সাস, যুক্তরাষ্ট্র

লিসা সুর করপোরেট দুনিয়ায় ঘুরে দাঁড়ানোর গল্পটা ইতিহাস হয়ে থাকবে। তাঁর নিখুঁত পরিকল্পনায় এএমডি আজ প্রযুক্তির বাজারে একটি শক্তিশালী নাম। বাজারে একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডেটাসেন্টারের জন্য উন্নত ইনস্টিংক্ট এক্সিলারেটর এবং এপিক সার্ভার প্রসেসর নিয়ে এসেছে, যা এখন বিশ্বজুড়ে বড় বড় ক্লাউড ডেটাসেন্টারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

ড. জন ইয়ং-হিউন এবং ড. টি এম রোহ

৮. ড. জন ইয়ং-হিউন এবং ড. টি এম রোহ

স্যামসাং ইলেকট্রনিকস

সুওন, দক্ষিণ কোরিয়া

এই দুই নেতার যৌথ পরিচালনায় স্যামসাং সাধারণ গ্রাহকদের ডিভাইস এবং প্রাতিষ্ঠানিক হার্ডওয়্যার—উভয় ক্ষেত্রে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলোতে উন্নত এআই প্রযুক্তি যুক্ত করছে। একই সঙ্গে তারা নিজেদের মেমোরি চিপের ব্যবসা পুরো প্রযুক্তি বিশ্বের ডেটা আদান-প্রদানের মূল ভিত্তি হিসেবে কাজ করছে, যা থেকে আয় করা হচ্ছে বিশাল অর্থ।

মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত

৭. মার্ক জাকারবার্গ

মেটা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

মার্ক জাকারবার্গ তাঁর সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানিকে একটি শক্তিশালী প্রযুক্তি পরিকাঠামো সংস্থায় রূপান্তর করেছেন। মেটা তাদের তৈরি লামা নামের শক্তিশালী এআই মডেল উন্মুক্ত করে দিয়েছে। এর ফলে বিশ্বের যেকোনো প্রতিষ্ঠান লাইসেন্স ফি ছাড়াই উন্নত এআই অ্যাপ তৈরি করতে পারবে। বিশাল অর্থ বিনিয়োগ করে মেটা নিজেকে ওপেন-সোর্স প্রযুক্তির এক অপরিহার্য ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছে।

ম্যাট গারম্যান।

৬. ম্যাট গারম্যান

এডব্লিউএস, ওয়াশিংটন স্টেট, যুক্তরাষ্ট্র

গ্লোবাল ক্লাউড হোস্টিংয়ের বাজারে এডব্লিউএসের নেতৃত্ব দিচ্ছেন ম্যাট গারম্যান। তাঁর অধীনে প্রতিষ্ঠানটি শুধু সাধারণ ডেটা বা কনটেন্ট তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ করতে পারে এমন প্রযুক্তির দিকে মনোযোগ দিয়েছে। এডব্লিউএসের আমাজন বেডরক এবং অন্যান্য আধুনিক টুলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এখন অত্যন্ত সুরক্ষিত এবং স্বাধীনভাবে নিজেদের প্রাতিষ্ঠানিক কাজকর্ম পরিচালনা করতে পারছে।

টিম কুক

৫. টিম কুক

অ্যাপল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর থেকে টিম কুক প্রতিষ্ঠানটিকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর সময়ে অ্যাপলের বাজারমূল্য ২০ গুণের বেশি বেড়েছে এবং প্রতিষ্ঠানটি ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে। সিরি বা লাইভ টেক্সটের মতো ফিচারগুলোর মাধ্যমে অ্যাপল তাদের প্রতিটি ডিভাইসে এআইয়ের ব্যবহার বাড়িয়েছে। আগামী সেপ্টেম্বরে তিনি সিইও পদ থেকে সরে দাঁড়িয়ে এক্সিকিউটিভ চেয়ারম্যানের নতুন দায়িত্ব নেবেন।

সত্য নাদেলা।

৪. সত্য নাদেলা

মাইক্রোসফট, ওয়াশিংটন স্টেট, যুক্তরাষ্ট্র

সত্য নাদেলা তাঁর দূরদর্শিতা দিয়ে মাইক্রোসফটের প্রতিটি সফটওয়্যার ও প্রযুক্তিতে এআইয়ের ছোঁয়া নিয়ে এসেছেন। কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রাখাই তাঁর মূল লক্ষ্য। নতুন চিন্তাভাবনা করতে সক্ষম এআই মডেল এবং বিশেষ অপারেটিং প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে মাইক্রোসফট করপোরেট নেটওয়ার্কের সংজ্ঞা বদলে দিচ্ছে। ফলে বিশ্বজুড়ে অফিস-আদালতের কাজ এখনো মাইক্রোসফটের ওপরই নির্ভরশীল।

সুন্দর পিচাই।

৩. সুন্দর পিচাই

অ্যালফাবেট/গুগল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় তথ্য খোঁজার মাধ্যম বা সার্চ ইঞ্জিনকে প্রযুক্তির নতুন যুগে সফলভাবে নিয়ে গেছেন সুন্দর পিচাই। গুগলের সার্চ ইঞ্জিনে সরাসরি যুক্ত করা হয়েছে তাঁদের নিজস্ব এআই জেমিনি। অন্যদিকে, গুগলের ক্লাউড ব্যবসাও দারুণ গতি পেয়েছে। বিভিন্ন দেশের আইনি জটিলতা সামলানোর পাশাপাশি পরিকাঠামো খাতে বিশাল বিনিয়োগের মাধ্যমে সুন্দর পিচাই গুগলকে ডিজিটাল রূপান্তরের এক অপরিহার্য অংশ করে তুলেছেন।

দারিও আমোদেই।

২. দারিও আমোদেই

অ্যানথ্রোপিক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

বোন ড্যানিয়েলার সঙ্গে যৌথভাবে অ্যানথ্রোপিক প্রতিষ্ঠা করে দারিও একে এক বিশাল মূল্যের প্রতিষ্ঠানে পরিণত করেছেন। দারিও এআইয়ের নিরাপত্তা গবেষণাকে তাঁর ব্যবসার মূল হাতিয়ার বানিয়েছেন, যা বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেছে। তাদের তৈরি ক্লড মডেলটি, বিশেষ করে কোডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার তৈরির কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল না হয়ে তিনি একে একটি স্বাধীন প্রযুক্তি জায়ান্ট হিসেবে গড়ে তুলেছেন।

জেনসেন হুয়াং।

১. জেনসেন হুয়াং

এনভিডিয়া, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বর্তমানে বিশ্ব প্রযুক্তি খাতের শীর্ষে অবস্থান করছেন। কয়েক দশক আগেই তিনি অনুভব করতে পেরেছিলেন, ভবিষ্যতের কম্পিউটারের জন্য কী ধরনের শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন হবে। তাঁর সেই দূরদর্শিতার কারণে সাধারণ গ্রাফিকস চিপ তৈরির প্রতিষ্ঠানটি আজ আধুনিক বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। এনভিডিয়ার তৈরি সুপার চিপ ডেটাসেন্টারগুলোকে আধুনিক কারখানায় রূপান্তর করেছে। জেনসেনের হাত ধরেই এনভিডিয়া আজ বিশ্ব প্রযুক্তির গতিপথ নির্ধারণ করছে।

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার সরিয়ে নিল মেটা

ব্যবসায়িক তথ্য চুরি: ওপেনএআই ও দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অ্যাপলের মামলা

জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোকে এআই সেবা দিচ্ছে ওপেনএআই-গুগল

নিজের কোম্পানির ৩২০০ কর্মী ছাঁটাই, তিনিই হলেন মার্কিন কর্মসংস্থান টাস্কফোর্সের প্রধান