হোম > প্রযুক্তি

সুচ ছাড়াই শূকরকে টিকা দিচ্ছে এআই রোবট

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির সমন্বয়ে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা শূকরকে মানুষের সহায়তা ছাড়াই সুচবিহীন (নিডল-ফ্রি) পদ্ধতিতে টিকা দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় শূকরের মাংস উৎপাদনকারী দেশ হিসেবে উৎপাদন আরও দক্ষ ও আধুনিক করতে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষকদের তৈরি এই রোবটটিতে একটি ছয়-অক্ষবিশিষ্ট (সিক্স-অ্যাক্সিস) রোবোটিক বাহু এবং এআইভিত্তিক ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। খাবার খাওয়ার সময় শূকরটি সাধারণত বুঝতেই পারে না যে পেছন থেকে একটি রোবট এগিয়ে আসছে। ক্যামেরার সাহায্যে রোবটটি প্রথমে শূকরের লেজের গোড়ার অবস্থান শনাক্ত করে, এরপর পশ্চাৎদেশে সুচবিহীন পদ্ধতিতে টিকা প্রয়োগ করে।

শূকর খামারে টিকাদান একটি নিয়মিত ও সময়সাপেক্ষ কাজ। বিশেষ করে, প্রজননকারী শূকরকে উৎপাদনচক্রজুড়ে একাধিকবার টিকা দিতে হয়, যা এত দিন মূলত শ্রমিকদের হাতেই সম্পন্ন হতো।

বেইজিং একাডেমি অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্সেসের ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট রিসার্চ সেন্টারের গবেষক লি বিন জানান, এআই-চালিত এই ‘বাটক-ট্র্যাকিং’ রোবটের সফলতার হার ৯৩ দশমিক ৩ শতাংশ। তাঁর মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে কম জনবলনির্ভর, স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান বৃহৎ পরিসরের শূকর খামার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লি বিন ও তাঁর সহকর্মীদের গবেষণাটি চলতি বছরের জুন মাসে ‘Transactions of the Chinese Society of Agricultural Engineering’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকদের ভাষ্য, বর্তমানে শূকরের টিকাদান এখনো ব্যাপকভাবে মানুষের ওপর নির্ভরশীল। এতে সুচ ভেঙে যাওয়া, নির্ধারিত টিকা বাদ পড়ে যাওয়া কিংবা শরীরের সঠিক স্থানে টিকা প্রয়োগ না হওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়। নতুন এআই-চালিত রোবট এসব সীমাবদ্ধতা কমিয়ে খামার ব্যবস্থাপনাকে আরও নিরাপদ, নির্ভুল ও কার্যকর করতে পারে বলে তাঁরা আশা করছেন।

পরিবেশগত বিপর্যয়ের প্রশ্নের মুখে ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের ডেটাসেন্টার প্রকল্প

মোদির ভিডিও সরানো ও শিশু নির্যাতনের কনটেন্ট ইস্যুতে ক্ষমা চাইলেন জাকারবার্গ

এআই যখন স্বয়ংক্রিয় সাইবার অপরাধী: ভুক্তভোগী ক্ষতিপূরণ চাইবে কার কাছে

আকস্মিক বন্ধ হয়ে গেল একাধিক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ বলছে ‘আন্ডার রিভিউ’

শতবর্ষী প্রতিষ্ঠানের চিফ ডিজিটাল অফিসাররা

যাত্রীবাহী এয়ার ট্যাক্সির গন্তব্য এখন রণক্ষেত্র

অবকাঠামো তৈরি বনাম ব্যবহারের লড়াই, কে এগিয়ে এআই-দৌড়ে

নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক