হোম > প্রযুক্তি

পিসি বিক্রিতে ধসের তথ্য গোপন করায় শেয়ারদরে ধস, ইন্টেলের বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

বর্তমানে ইন্টেলের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারেরও কম। ছবি: এক্সডিএ ডেভেলপারস

ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রিতে মন্দার প্রকৃত চিত্র গোপন করার অভিযোগে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বিরুদ্ধে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। তাঁদের অভিযোগ, বিক্রিতে ধসের বিষয়টি গোপন রাখার ফলে একদিনেই কোম্পানিটির শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্যালিফোর্নিয়ার সান জোসেতে দায়ের করা একটি প্রস্তাবিত যৌথ (ক্লাস অ্যাকশন) মামলায় বলা হয়েছে, পিসি বিক্রি কমে যাওয়ার প্রভাব কোম্পানির আয়ের ওপর কতটা পড়তে পারে, সে বিষয়ে শেয়ারহোল্ডারদের যথাসময়ে সতর্ক করেনি ইন্টেল। এর ফলে কৃত্রিমভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়িয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটে। এর ফলে একদিনেই কোম্পানিটির বাজারমূল্য থেকে কয়েক হাজার কোটি ডলার কমে যায়। এর আগের দিনই আসন্ন আর্থিক প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে কম রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসির পক্ষ থেকে ইন্টেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো বক্তব্য দেয়নি।

আইনি প্রতিষ্ঠান রবিনস গেলার রুডম্যান অ্যান্ড ডাউড মামলাটি দায়ের করেছে। চলতি বছরের ২৩ জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইন্টেলের সাধারণ শেয়ারের মালিক ছিলেন, এমন শেয়ারহোল্ডারদের পক্ষে মামলাটি করা হয়েছে। এতে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্যান লিপ-বু এবং কোম্পানির অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইন্টেল এমন কিছু বক্তব্য দিয়েছে, যা ‘গুরুত্বপূর্ণভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর।’ এসব বক্তব্যে পিসি বিক্রির গতি কমে যাওয়ার বিষয়টি এবং কোম্পানির ডেটা সেন্টার প্রকল্পগুলোর প্রভাব যথাযথভাবে প্রকাশ করা হয়নি।

গত অক্টোবরে ইন্টেল জানায়, সেপ্টেম্বর মাসে শেষ হওয়া তিন মাসে তাদের কম্পিউটার হার্ডওয়্যার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। মামলায় বলা হয়েছে, এই প্রতিবেদন ইন্টেলের আগের সেই ইঙ্গিতকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে প্রতিষ্ঠানটি দাবি করেছিল যে পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। এর পরপরই ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটে।

মামলায় আরও বলা হয়েছে, পিসি বিক্রিতে ‘চাহিদার মন্দা’ কোম্পানিটির ত্রৈমাসিক আয়েও ‘নাটকীয় ধীরগতি’ তৈরি করেছে। এ সময়ে ইন্টেলের আয় ৯ শতাংশ বা প্রায় ৮০ কোটি ডলার কমে ৮১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য বিপুল পরিমাণ কম্পিউটিং ক্ষমতার চাহিদা পূরণে উৎপাদন খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে ইন্টেল। তবে ডেটা সেন্টারগুলোর জন্য ক্রমবর্ধমান হারে সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করা হচ্ছে। ফলে ব্যক্তিগত কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের জন্য প্রয়োজনীয় চিপের দাম বেড়ে গেছে।

ইন্টেলের প্রধান নির্বাহী ট্যান বিশ্লেষকদের জানিয়েছিলেন, পুরো প্রযুক্তি শিল্প বর্তমানে ‘স্মৃতিধারণকারী চিপের নজিরবিহীন সংকটের’ মুখে পড়েছে। এর ফলে ব্যক্তিগত কম্পিউটারের জন্য প্রয়োজনীয় চিপের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। গত অক্টোবরে ট্যান বলেন, ‘জরুরি ভিত্তিতে আমাদের এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

গত এক মাসে ইন্টেলের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময়ে শেয়ারটির দরপতনের পরিমাণ ৩৭ দশমিক ৫ শতাংশ। তবে সামগ্রিকভাবে চলতি বছরে এখনো কোম্পানিটির শেয়ারের দাম ৫১ শতাংশ বেড়েছে।