আইফোনের প্রায় ২০ বছরের ইতিহাসে এই প্রথম এল ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোন। সেটির নাম আইফোন ডুয়ো। নতুন সিইও জন টার্নাসের প্রথম হাই-স্টেক্স প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে মোবাইল ফোনটির ঘোষণা দেওয়া হয়। কুপারটিনোতে আয়োজিত অ্যাপলের বার্ষিক ইভেন্টে এর পাশাপাশি তাদের অন্য সব ডিভাইসের প্রদর্শনী করা হয়। আইফোন ডুয়ো কেনা যাবে আগামী ২৩ অক্টোবর থেকে। এগুলোর প্রি-অর্ডার করা যাবে।
মোবাইল ফোনটি আনফোল্ড বা খুললে এতে দেখা যাবে ৭ দশমিক ৬ ইঞ্চির একটি একক ও নিরবচ্ছিন্ন স্ক্রিন। এটি এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা আইফোন। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যা আলোর প্রতিফলন কমায় এবং এর মাঝখানের ভাঁজ বা ক্রিজকে প্রায় চোখেই পড়তে দেয় না। এটি এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে অ্যাপ পরিবর্তনের সময় কোনো ল্যাগ বা বিরতি ছাড়াই মসৃণভাবে কাজ করে। ফোনটি ভাঁজ করে বেড সাইড টেবিলে রাখলে এর সামনের স্ক্রিনটি একটি নাইট স্ট্যান্ড ঘড়িতে রূপান্তরিত হয়।
জন টার্নাস আইফোনকে এআইয়ের জন্য সেরা পার্সোনাল ডিভাইস হিসেবে উল্লেখ করেছেন। এটি শক্তিশালী প্রাইভেসি সুরক্ষার পাশাপাশি নতুন এআই-চালিত উন্নত সিরির সুবিধা দেবে।
আইফোন ডুয়ো অ্যাপলের তৈরি এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ফোন। এর দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে সর্বোচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্ট পর্যন্ত ৩ হাজার ১৯৯ ডলার। উচ্চ মূল্যের কারণে গ্রাহকদের সুবিধার জন্য অ্যাপল ফোনটি লিজ নেওয়ার সুযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, দারুণ এই ফোল্ডেবল ডিভাইস বাজারে ফোল্ডেবল ফোনের অবস্থান আরও জোরালো করাসহ এবং নতুন গ্রাহকদের আকৃষ্ট করবে।
সূত্র: সিএনএন, ইন্টারন্যাশনাল ফিন্যান্স ম্যাগাজিন