কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের ব্যক্তিগত জীবনেরও অংশ হয়ে উঠেছে। স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ নেওয়া থেকে শুরু করে মানসিক সংকট, সম্পর্কের জটিলতা, অফিসের গোপন নথি কিংবা ব্যবসায়িক পরিকল্পনা—সবকিছুতেই মানুষ নির্ভর করছে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লডের মতো এআই প্ল্যাটফর্মের ওপর। কিন্তু এসব প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও গোপন তথ্য দেওয়ার পর সেগুলো কোথায় যায়, কারা সেগুলো দেখতে পারে এবং কতটা নিরাপদ থাকে—এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সম্প্রতি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্ক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা ও জবাবদিহির বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, যেসব প্রযুক্তির কাছে মানুষ নিজের জীবনের গোপন তথ্য তুলে দিচ্ছে, সেগুলোর নিয়ন্ত্রণ আসলে কার হাতে?
ক্লাউডভিত্তিক এআই প্ল্যাটফর্মে কোনো তথ্য পাঠালে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বা তাদের অংশীদারদের পরিচালিত সার্ভারে প্রক্রিয়াজাত হয়। সেবার ধরন ও গোপনীয়তা সেটিংস অনুযায়ী এসব তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা কিংবা অনুমোদিত কর্মীদের মাধ্যমে পরীক্ষা করা হতে পারে। কিছু ক্ষেত্রে এআই মডেলের উন্নয়নেও ব্যবহার করা হয় এসব তথ্য।
ওপেনএআই জানিয়েছে, নিরাপত্তা তদন্ত, কারিগরি সহায়তা, আইনি প্রয়োজন এবং নির্দিষ্ট ক্ষেত্রে মডেলের উন্নয়নের জন্য অনুমোদিত কর্মী ও সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যবহারকারীর কথোপকথনে প্রবেশ করতে পারেন। গুগল জেমিনির ক্ষেত্রেও প্রশিক্ষিত মানব পর্যালোচকেরা সংযুক্ত অ্যাপের ই-মেইল ও নথির অংশবিশেষ, সারসংক্ষেপ এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য দেখতে পারেন।
অফিসের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। শুধু অফিসের ওয়াই-ফাই ব্যবহার করলেই সাধারণত নিয়োগকর্তা এআইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন পড়তে পারেন না। তবে প্রতিষ্ঠানের দেওয়া কম্পিউটারে নজরদারি সফটওয়্যার থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। আবার অফিসের ব্যবস্থাপনায় পরিচালিত এআই অ্যাকাউন্টে কর্মীদের দেওয়া প্রম্পট, ফাইল ও কথোপকথন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রশাসকেরা দেখতে বা সংগ্রহ করতে পারেন।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারহ্যাভেনের ২০২৬ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই টুলে পাঠানো তথ্যের ৩৯ দশমিক ৭ শতাংশ ছিল সংবেদনশীল করপোরেট তথ্য। আইবিএমের ২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচটি প্রতিষ্ঠানের একটিতে অননুমোদিত এআই ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।
ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অধিকার থাকলেও বাস্তবে সব তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব হয় না। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ব্যবহারকারীদের তথ্য জানার, সংশোধন করার এবং নির্দিষ্ট শর্তে মুছে ফেলার অধিকার দিয়েছে। তবে কিছু তথ্য নিরাপত্তা ও পরিচালনাগত প্রয়োজনে নির্দিষ্ট সময় সংরক্ষিত থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহার বন্ধ করার প্রয়োজন নেই; বরং এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করা জরুরি। ব্যক্তিগত ও করপোরেট অ্যাকাউন্টের পার্থক্য বোঝা, গোপন নথি শেয়ার না করা এবং প্রতিষ্ঠানের সুস্পষ্ট এআই নীতিমালা থাকা প্রয়োজন।
প্রযুক্তির ইতিহাস বলছে, নতুন উদ্ভাবনের গতির সঙ্গে তাল মেলাতে প্রায়ই পিছিয়ে পড়ে আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে যেমনটি দেখা গেছে, এআইয়ের ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রশ্ন শুধু এআইকে কতটা বিশ্বাস করা যায়, তা নয়; বরং আমাদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ কতটা আমাদের হাতে রয়েছে, সেটিও এখন গুরুত্বপূর্ণ।