যুক্তরাষ্ট্রের ডজনখানেক অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলারের একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে মেটা। পাশাপাশি মেটা এবং অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা টিকটক এবং ইউটিউবকেও অনুরূপ পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত হওয়া মামলাগুলোর অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা গেছে, তরুণদের নিরাপত্তার বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মেটা জানত যে তাদের প্ল্যাটফর্মগুলো তরুণ ব্যবহারকারীদের জন্য কতখানি ঝুঁকিপূর্ণ। তবে একটি বিষয় নিশ্চিত যে মেটা আর নিজের প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা নিজেই মূল্যায়ন বা যাচাই করার সুযোগ পাবে না। প্রয়োজনীয় পরিবর্তনগুলো মেটা ঠিকমতো বাস্তবায়ন করছে কি না, তা একজন স্বাধীন অডিটর পর্যবেক্ষণ করবেন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অভিভাবক ও অনলাইন নিরাপত্তাকর্মীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।
কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি ও মানসিক ক্ষতি থেকে মুক্ত রাখতে এই দ্বিমুখী পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পরিবর্তনের মূল লক্ষ্য দুটি প্রধান বিষয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত—কিশোর-কিশোরীদের সুরক্ষায় অ্যাপের ভেতরের নিয়মাবলি এবং প্রযুক্তিগতভাবে বয়স যাচাইকরণ ও আইনি বাস্তবায়ন।
অ্যাপে যেসব পরিবর্তন আসছে
১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের অ্যাপ ব্যবহারের অভ্যাসে নিয়ন্ত্রণ আনতে ও মানসিক স্বাস্থ্য রক্ষায় আগামী ছয় মাসের মধ্যে মেটা বেশ কিছু বড় ফিচার যুক্ত করবে। সেগুলোর মধ্যে আছে—
- দৈনিক সময়সীমা: ফেসবুক ও ইনস্টাগ্রাম উভয় অ্যাপ মিলিয়ে টিনএজাররা দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সুযোগ পাবে।
- নাইট মোড: গভীর রাতে স্ক্রিন টাইম কমাতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপের মূল ফিড ব্যবহার বন্ধ থাকবে। তবে জরুরি মেসেজিং সুবিধা চালু থাকবে।
- স্কুল মোড: পড়ালেখায় মনোযোগ ধরে রাখতে স্কুলের নির্দিষ্ট সময়সূচিতে নোটিফিকেশন সাময়িকভাবে সীমিত করে রাখা হবে।
- অভিভাবকের নিয়ন্ত্রণ: ওপরের এই নিরাপত্তা ও সময়সীমার সেটিংসগুলো শুধু অভিভাবকের অনুমতি বা নিয়ন্ত্রণে পরিবর্তিত হতে পারবে।
- লাইক সংখ্যা ও বিউটি ফিল্টার বন্ধ: মানসিক চাপ ও কৃত্রিম সৌন্দর্যের প্রতিযোগিতা কমাতে টিনএজারদের কনটেন্টে লাইক সংখ্যা ডিফল্টভাবে দৃশ্যমান হবে না এবং এক্সট্রিম মেকআপ বিউটি ফিল্টারগুলো বন্ধ থাকবে।
- অ্যালগরিদম ও অটো-প্লে নিয়ন্ত্রণ: ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বন্ধ থাকবে এবং অ্যালগরিদমের কৃত্রিম সুপারিশ এড়িয়ে সাধারণ ক্রমানুসারের ফিড বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।
বয়স যাচাইকরণ ও আইনি বাস্তবায়ন
এই সকল নিরাপত্তা ফিচারের সঠিক প্রয়োগ ও সাফল্য নির্ভর করছে ব্যবহারকারীদের সঠিক বয়স চিহ্নিত করার ওপর।
- বয়স যাচাই প্রযুক্তি: চুক্তির শর্ত মেনে মেটা নিজস্ব বা থার্ড পার্টি বয়স যাচাইকরণ প্রযুক্তি ব্যবহার করবে, যাতে ১৩ বছরের কম বয়সী শিশুরা অ্যাপ ব্যবহার করতে না পারে এবং কিশোর-কিশোরীরা ভুয়া বয়স দিয়ে অ্যাকাউন্ট খুলতে না পারে।
- অ্যাপ স্টোরের দায়িত্ব: মেটা দাবি করেছে, মূল অ্যাপ ড্যাশবোর্ডে প্রবেশ করার আগেই অ্যাপল ও গুগলের মতো অ্যাপ স্টোরগুলোর ইউজারদের বয়স যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব নেওয়া উচিত।
- আইনি ও আর্থিক বাস্তবতা: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা হলেও বহু ব্যক্তি ও স্কুল ডিস্ট্রিক্টের মামলা মেটার ওপর এখনো বিচারাধীন। ফলে জাকারবার্গের প্রতিষ্ঠানের জন্য এটি সাময়িক স্বস্তি দিলেও আইনি ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি।
সূত্র: সিএনএন, বিবিসি