বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সমস্যার কারণে ই-মেইল সেবা ‘আউটলুক’ (Outlook), অফিশিয়াল যোগাযোগ মাধ্যম ‘টিমস’ (Teams) এবং এআই অ্যাসিস্ট্যান্ট ‘কোপাইলট’ (Copilot) ব্যবহারে চরম ভোগান্তিতে পড়েন লাখো ব্যবহারকারী।
ওয়েবসাইট ও অনলাইন সেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার পরপরই আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে অভিযোগ করেছেন প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী। পরবর্তীতে অভিযোগের সংখ্যা কিছুটা কমলেও অসংখ্য গ্রাহক ই-মেইল আদান-প্রদান করতে না পারা এবং ইনবক্স লোড না হওয়ার সমস্যার কথা জানিয়েছেন।
আউটলুকের পাশাপাশি মাইক্রোসফট টিমস এবং ‘মাইক্রোসফট ৩৬৫’-এর অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও একই ধরনের সংযোগ ত্রুটি দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ডভিত্তিক এই প্রযুক্তি জায়ান্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা মূলত ই-মেইল এবং টিমস অ্যাপ্লিকেশনের এই বিভ্রাট নিয়ে তদন্ত শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আপডেটে মাইক্রোসফট স্বীকার করেছে, আমেরিকা অঞ্চলের ব্যবহারকারীরা বিভিন্ন মাধ্যমে ‘এক্সচেঞ্জ অনলাইন’ মেইলবক্সে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন।
পরবর্তীতে কারিগরি কারণ ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটি জানায়, তাদের অবকাঠামোর একটি অংশে ‘অতিরিক্ত চাপ’ তৈরি হওয়ায় এই সংযোগ ত্রুটি দেখা দিয়েছে। স্বয়ংক্রিয় পরীক্ষার সময় একটি সমস্যার কারণে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট।
তবে ঠিক কী কারণে সার্ভারগুলো অচল হয়ে পড়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, সমস্যাটি সমাধানে একটি প্রযুক্তিগত সংশোধন বা ‘ফিক্স’ পরীক্ষা করে দেখা হচ্ছে।
‘মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস’-এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, গ্রাহকদের ভোগান্তি কমাতে আমরা সম্ভাব্য সব ধরনের পথ খতিয়ে দেখছি এবং দ্রুত কাজ করছি।
এর আগে দিনের শুরুতে মাইক্রোসফট দাবি করেছিল, তারা উত্তর আমেরিকায় মাইক্রোসফট টিমস-এর সমস্যা ‘সফলভাবে সমাধান’ করেছে। তবে এরপরও অনেক ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানাতে থাকেন।