হোম > খেলা > টেনিস

হলিউড থেকে টেনিসের কোর্টে

ক্রীড়া ডেস্ক    

থিয়া ফ্রোডিন। ছবি: সংগৃহীত

আসছে ডিসেম্বরে সতেরো থেকে আঠারোয় পা রাখবেন থিয়া ফ্রোডিন। তবে নাম-ডাক কামানোর জন্য বয়স লাগে না! পাঁচ বছর আগেই তাঁকে কাজ করতে দেখা যায় হলিউডের রুপালি পর্দায়। সেই ফ্রোডিনের অভিষেক হয়ে গেল ইউএস ওপেনে।

না, অভিষেকটা ভালো হয়নি লস অ্যাঞ্জেলেসের হাইস্কুলের শিক্ষার্থী ফ্রোডিনের। অভিজ্ঞ এলিনা রিবাকিনা স্রেফ উড়িয়ে দিয়েছেন তাঁকে। দ্বিতীয় বাছাই কাজাখ এই প্রতিযোগীর বিপক্ষে ফ্রোডিন হেরে গেছেন ৬-৩, ৬-২ গেমে। অবশ্য ১ ঘণ্টা ১৪ মিনিটের লড়াইয়ে নিজের সম্ভাব্য সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন।

তবে অভিষেকেই এমন হারের পর মুষড়ে পড়েননি ফ্রোডিন। উল্টো রিবাকিনার সঙ্গে নিজের অভিজ্ঞতার ব্যবধানটাকেই বড় করে দেখছেন তিনি, ‘রিবাকিনা দারুণ খেলোয়াড়। অবশ্যই প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ। তবে তাঁর বিপক্ষে আমি শুধু দেখতে চেয়েছিলাম, কোনো চাপ না নিয়ে খেললে কেমন লাগে। কোর্টে সময়টা উপভোগ করতেই চেয়েছি আমি।’ আর তাতে নিজেকে সফলই মনে করছেন ফ্রোডিন, ‘মনে হয় সেটাই করতে পেরেছি। অবশ্যই আমার অনেক কিছু শেখার আছে। তবে কোর্টে যেসব কাজ করেছি, তার বেশির ভাগ নিয়েই আমি খুশি।’

লেখার শুরুতেই ফ্রোডিনের হলিউডের রুপালি পর্দায় কাজ করার কথা বলা হয়েছে। মাত্র ১২ বছর বয়সে অস্কারজয়ী সিনেমা ‘কিং রিচার্ড’-এ অভিনয় করা ডেমি সিঙ্গেলটনের স্টান্ট ও বডি ডাবল হিসেবে কাজ করেছিলেন ফ্রোডিন। জীবনীভিত্তিক সিনেমাটিতে সিঙ্গেলটন অভিনয় করেছিলেন কিশোরী সেরেনা উইলিয়ামসের চরিত্রে। অর্থাৎ যে সেরেনার উত্থানের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছিলেন ফ্রোডিন, সেই সেরেনার মতোই এখন তিনিও নিজের টেনিস-স্বপ্নের পথে হাঁটছেন।

অবশ্য সেরেনার সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি ফ্রোডিনের। তবে ইচ্ছে আছে দেখা করার। তবে এখনো সিদ্ধান্ত নেননি—কলেজে পড়াশোনা করবেন নাকি পুরোপুরি পেশাদার টেনিস খেলোয়াড় হয়ে উঠবেন। আর সিদ্ধান্ত নিতে তাড়াহুড়োও করতে চান না তিনি। তবে আপাতত লক্ষ্য স্কুলের পড়াটা শেষ করা। ফ্রোডিন বললেন, ‘আগে আমি হাইস্কুল শেষ করতে চাই। এ বছরের বাকি সময়টা আমাকে কোথায় নিয়ে যায়, সেটা দেখতে চাই। এসব নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে যেতে চাই না।’

তবে টেনিস কোর্টে রিবাকিনার মুখোমুখি হতে চান আরও একবার। কেন? কারণটাও জানালেন তিনি, ‘আবার কখনো তাঁর সঙ্গে খেলতে পারি, তখন আরও অভিজ্ঞ হয়ে নামতে পারব এবং দেখতে পারব যে আমি কী করতে পারি।’