হোম > খেলা > ক্রিকেট

নতুন বলের সামনে অসহায় বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শান্তকে ফেরান হ্যাজলউড। টানা ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ফিফটিতে বেশ চাপেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু নতুন বল হাতে নিয়েই দৃশ্যপট বদলে দিচ্ছে স্বাগতিকেরা। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে অজিরা।

৮০ ওভারের দ্বিতীয় নতুন বল পায় অস্ট্রেলিয়া। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে তারা। মাত্র ১১ রানের ব্যবধানে শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমকে বিদায় করেছে প্যাট কামিন্সরা।

প্রথম দিনের পুরোটা সময় অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। আজও প্রথম দুই সেশনে ছিল সফরকারীদের দাপট। তাতে বড় লিড চাপছিল অস্ট্রেলিয়ার ওপর। কিন্তু নতুন বলে ঘুরে দাঁড়ানোর সবটুকু চেষ্টাই করে যাচ্ছে স্বাগতিকেরা। অন্যদিকে ম্যাচে প্রথমবার বাজে সময়ের মুখোমুখি বাংলাদেশ।

সেঞ্চুরির পর তানজিদ বিদায় নিলে ক্রিজে আসেন মুশফিক। এই জুটিও ভয়ঙ্কর হচ্ছিল অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু শান্তর বিদায়ে পুরো চিত্রই পাল্টে গেল। ৮২তম ওভারের চতুর্থ বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন হ্যাজলউড। ব্যাট-বলে করতে গিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক। শান্ত ৮৪ রান করে আউট হলে ভাঙে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে তাঁর ৬৬ রানের জুটি।

এরপর ক্রিজে আসা লিটনকে শুরু থেকেই অস্বস্তিতে দেখা গেছে। ১২ বল খেললেও শেষ পর্যন্ত আর রানের খাতাই খুলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার। স্টার্কের বলে স্লিপে স্মিথের কাছে ক্যাচ দেন তিনি।

টানা ২ উইকেট হারানোর পর মুশফিকও ভরসা দিতে পারেননি। এই অভিজ্ঞ ব্যাটারও আউট হয়েছেন স্লিপে স্মিথের হাতে ধরা পড়ে। কামিন্সের বলে খোঁচা দিলে স্মিথের ক্যাচে পরিণত হন তিনি। ৩০৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। দারুণ শুরুর পরও টানা ৩ উইকেট হারিয়ে এখন সাড়ে তিনশর আগেই অলআউটের শঙ্কায় অতিথিরা।