স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মাঝেও প্যাট কামিন্সের অধিনায়কত্বে পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজেও অজিদের নেতৃত্ব দেবেন তিনি।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিং কাণ্ডের নতুন তথ্য সামনে আসার পর কামিন্সের নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে বোর্ড সভা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
শুক্রবার সিএ চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ সিডনিতে কামিন্সের সঙ্গে দেখা করেন। তাঁর সুস্থতা, দলের প্রয়োজনীয় সহায়তা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে আলোচনা করেন তাঁরা।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অস্ট্রেলীয় দলের বিষয়ে চলমান জল্পনার মধ্যে ক্রিকেটের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে বোর্ড। সেই সভায় কামিন্সের অধিনায়কত্বের প্রতি সর্বসম্মত সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি সপ্তাহে ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার কারণে ৯ মাস নিষিদ্ধ হওয়া ক্যামেরন ব্যানক্রফট নতুন করে বিতর্ক উসকে দেন। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই, এমনকি বোলাররাও জানতেন। ব্যানক্রফটের বক্তব্যের সঙ্গে উসমান খাজার আত্মজীবনী সবর-এ উঠে আসা ঘটনার বর্ণনারও মিল রয়েছে।
ব্যানক্রফটের লেখা দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত হয় একই দিনে, যেদিন ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড় ও কোচদের বক্তব্য তুলে ধরার জন্য একটি ফোরাম গঠনের ঘোষণা দেয়।
২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স জানিয়েছেন, ডেভিড বুন ও টড গ্রিনবার্গের সঙ্গে কথা বলার সুযোগ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড় ও কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরার জন্য ফোরাম গঠনের সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন তিনি।
কামিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের সঙ্গে অসাধারণ এক দায়িত্ব জড়িয়ে আছে। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। এই পরিস্থিতির মধ্য দিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়া ডেভিড ও টডের জন্য খুব কঠিন কাজ। ২০১৮ সালের অনেক খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি আমার সঙ্গে কথা বলার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’
ফোরাম নিয়ে কামিন্সের বক্তব্য, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই সেখানে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, তবে সেটাই প্রয়োজন। অন্যদিকে, এখন থেকে পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়াই আমার মনোযোগ ও অগ্রাধিকার।’
খাজার দাবি ছিল, বল টেম্পারিংয়ের বিষয়ে দলের সবাই জানতেন। তাঁর মতে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ব্যানক্রফটকে অন্যায়ভাবে দায় নিতে হয়েছিল। ওয়ার্নারও দলের সবাই বিষয়টি জানতেন বলে খাজার বক্তব্যের সমর্থনে কথা বলেছেন।
তবে কামিন্স ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ অস্বীকার করেন এবং তাঁর বক্তব্যকে পুরো মিথ্যা এবং ভিত্তহীন দাবি করেন। কয়েক দিন পর ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকা চ্যাড সেয়ার্স খাজার বক্তব্যের পক্ষে কথা বলেন। খাজা ও ব্যানক্রফটের বর্ণনার সঙ্গে মিল রেখে তিনিও সেই ঘটনার কথা তুলে ধরেন।