হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে পাকিস্তান। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজে অংশ নেবে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন।

১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।

ত্রিদেশীয় সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। দুই দল সর্বশেষ গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি হয়েছিল।

ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান, যা চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ নভেম্বর থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শ্রীলঙ্কা ষষ্ঠ এবং পাকিস্তান আটে রয়েছে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লঙ্কানরা। গলে ১৬৫ রানে হেরেছে স্বাগতিকেরা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর এখন ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে পাকিস্তান।

পাকিস্তানের সূচি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি

  • ৯ অক্টোবর — প্রথম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি
  • ১১ অক্টোবর — দ্বিতীয় টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি
  • ১৩ অক্টোবর — তৃতীয় টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ

  • ১৮ অক্টোবর — পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি
  • ২০ অক্টোবর — পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
  • ২২ অক্টোবর — শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
  • ২৫ অক্টোবর — পাকিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
  • ২৭ অক্টোবর — পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর
  • ২৯ অক্টোবর — শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, লাহোর
  • ৩১ অক্টোবর — ফাইনাল, লাহোর

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট

  • ৪-৬ নভেম্বর — তিন দিনের ম্যাচ, ইসলামাবাদ
  • ৯-১৩ নভেম্বর — প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
  • ১৭-২১ নভেম্বর — দ্বিতীয় টেস্ট, লাহোর