এই তো কিছুক্ষণ আগেই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। তবে দোহার মাঠে সেই হতাশার বিপরীতে স্বস্তির জয় উপহার দিয়েছেন সাইফ হাসানরা। এশিয়া কাপ রাইজিং স্টারসে হংকংয়ের দেওয়া ২২০ রানের লক্ষ্য মাত্র ৪১ ওভারেই টপকে যায় বাংলাদেশ ‘এ’ দল। এতে ৮ উইকেটের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল তারা।
কাতারের দোহায় আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আনশি রাথ। ৮৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া আইজাজ খান ১০৬ বলে করেন ৬৭ রান। মূলত এই দুই ব্যাটারের ১২৮ রানের জুটিতেই লড়াই করার মতো পুঁজি পায় হংকং।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ইকবাল হোসেন ইমন। ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রাকিবুল হাসান ও মো. রুবেল একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ১২ রান করে ইমন ফিরলেও দলকে এগিয়ে নেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন। দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন তাঁরা। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে ফিরলেও থামেননি সাইফ।
এরপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন সাইফ। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১১৩ রান। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭১ রান করে অপরাজিত থাকেন ইয়াসির। অন্যদিকে ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ। বল হাতে একটি উইকেটও নিয়েছেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এতে ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে ৮ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। হাতে ছিল আরও ৫৪ বল। জাতীয় দলের এমন হারের দিনে সাইফদের এই জয় বাংলাদেশের ক্রিকেটে কিছুটা হলেও স্বস্তির।