ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ডারউইনে আজ ৬ উইকেট নিয়ে পৌঁছেছেন নতুন এক উচ্চতায়। ভেঙে দিয়েছেন ১২ বছরের পুরোনো এক রেকর্ড।
ডারউইনে আজ ৫৫ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পাশাপাশি নতুন এক রেকর্ড গড়েছেন। টেস্টের তিন ফাইফারের তিনটিই নিয়েছেন বিদেশে। ঘরের বাইরে টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ফাইফারের কীর্তি এখন তাঁর। এর আগে রবিউল ইসলাম ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ৬ ম্যাচে ১২ ইনিংস বোলিং করে দুইবার বিদেশে নিয়েছিলেন ফাইফার।
১২ বছরের রেকর্ড ভেঙে দেওয়া হাসানকে ইনিংস শেষে অভিনন্দন জানিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে ছিলেন বলে উল্লেখ করেছেন হাসান। ২৬ বছর বয়সী এই পেসার বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পেরে আমি সত্যিই খুব উত্তেজিত ছিলাম। কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল। আর অবশ্যই এমন কন্ডিশনে খেলার সুযোগ পাওয়াটাও দারুণ ছিল। আমি কেবল নিজের বোলিং লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি। নিজের প্রক্রিয়া ধরে রেখেছি এবং অধিনায়ক যা বলছিলেন, তা মেনে চলার চেষ্টা করেছি।’
জুন মাসে ইংল্যান্ডে কাঁপিয়ে এসেছেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের জার্সিতে ২ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। যার মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। সেই ধারাবাহিকতায় কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। আজ ডারউইনে প্রথম টেস্টে পেলেন ৬ উইকেট। দুই ওপেনার জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেডের পর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, নাথান লায়নকে ফিরিয়েছেন হাসান। কখনো শর্ট বল, কখনোবা গুড লেংথে বোলিং করে ব্যাটারদের বোকা বানিয়েছেন।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট নেওয়ার পর হাসানকে কাউন্টি ক্রিকেটের পারফরম্যান্সের কথা মনে করালেন গিলক্রিস্ট। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাঠে সফল হতেও সহায়তা করেছে বলে জানালেন হাসান। ২৬ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘হ্যাঁ, ইংল্যান্ডে খেলাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। আশা করছি কেন্টের হয়েও সামনে খেলা চালিয়ে যেতে পারব।’
টেস্টে ৪২ উইকেটের মধ্যে ৩০ উইকেটই হাসান নিয়েছেন বিদেশের মাঠে। বাংলাদেশের পেসারদের মধ্যে বিদেশে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি। ৯ ম্যাচে ১৫ ইনিংসে বোলিং করে এই ৩০ উইকেট নিয়েছেন হাসান। এই তালিকায় সবার ওপরে থাকা তাসকিনের উইকেট ৪৬। বিদেশের মাঠে তিনি ১৬ ম্যাচ খেলেছেন। বোলিং করেছেন ২৯ ইনিংসে। ২৮, ২৭ ও ২৬ উইকেট নিয়ে বিদেশে বাংলাদেশের পেসারদের তালিকায় তিন, চার ও পাঁচে শাহাদাত হোসেন রাজীব, মাশরাফি বিন মর্তুজা ও ইবাদত হোসেন চৌধুরী।