হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তানের আম্পায়ারের ওপর কেন খেপেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

দুই আম্পায়ারের ওপর খেপে যান শ্রীলঙ্কার ক্রিকেটার প্রবাথ জয়াসুরিয়া। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।

ঘটনাটা গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের। একেবারে শেষ মুহূর্তে বৃষ্টির কারণে সাময়িক খেলা বন্ধ ছিল। এমনকি কলম্বোর আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। এমন অবস্থায় সৈকত-রাজা লাইট মিটার দিয়ে পরীক্ষা করে অবস্থা পর্যবেক্ষণ করে মনে করেন, খেলা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত আলো রয়েছে। ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথারের বলে জয়াসুরিয়া এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার সময় ভীষণ খেপে যান।

আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় জয়াসুরিয়া বারবার সৈকত-রাজার দিকে পেছনে ফিরে তাকাচ্ছিলেন। দুই আম্পায়ারের ওপর জয়াসুরিয়া যে ক্ষুব্ধ ছিলেন, সেটা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল। ড্রেসিংরুমে পৌঁছে লঙ্কান ক্রিকেটার গ্লাভস ছুড়ে ফেলেন। পুরো শ্রীলঙ্কা দলই যে ক্ষুব্ধ ছিল, সেটা উল্লেখ করেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আহসান রাজা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভার শুরুর আগে যখন জয়সুরিয়া ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন লাইট মিটার দিয়ে যাচাই করে দেখেন আম্পায়ার সৈকত ও রাজা। খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও শর্ত জুড়ে দেন দুই আম্পায়ার। পেসারের পরিবর্তে ভারতকে স্পিনার দিয়ে বোলিং করাতে হবে। ভারতীয় অধিনায়ক শুবমান গিল আক্রমণে নিয়ে আসেন সুতারকে। নাইটওয়াচম্যান জয়াসুরিয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সুতার। এরপরই দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়েছে।

গতকাল কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শ্রীলঙ্কা শেষ করে ৩ ওভারে ২ উইকেটে ৮ রানে। আলোকস্বল্পতার কারণে জয়াসুরিয়ার মতো কামিল মিশারাও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। আজ তৃতীয় দিনে স্বাগতিকেরা খেলা শুরুর ৭ ওভারের মধ্যেই উইকেট হারায়। দশম ওভারের তৃতীয় বলে মিশারাকে ফেরান প্রসিধ কৃষ্ণা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে মিশারা ২৫ বলে ৩ চারে করেন ১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ৩৫ রান করেছে লঙ্কানরা। ভারত ১৩৮ ওভারে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করেছে।