হোম > খেলা > ক্রিকেট

হৃদয়-লিটনকে আটকাতে দক্ষিণ আফ্রিকার ‘বিশেষ পরিকল্পনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে তাওহীদ হৃদয়, লিটন দাস সেঞ্চুরি করেছিলেন। ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকার মাঠ যেন তাওহীদ হৃদয়ের কাছে হাতের তালুর মতো চেনা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন এই দক্ষিণ আফ্রিকাতেই। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন এখানেই। যেটার রেশ টেনে নিয়েছেন সদ্য শেষ হওয়া জোহানেসবার্গের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন। শুধু তা-ই নয়, খাদের কিনারা থেকে দলকে যেভাবে বাঁচিয়েছেন, সেটা নিয়ে প্রশংসা ঝরেছে এইডেন মার্করামের কণ্ঠে।

জোহানেসবার্গে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে হৃদয়-লিটন ২০৬ রানের জুটি গড়েছেন। হৃদয় করেছে ১৩৭ রান। লিটনের ব্যাট থেকে এসেছে ১৩৭ রান। আগামীকাল সেঞ্চুরিয়ন টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে মার্করাম যখন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হিসেবে আসেন, তখন উল্লেখ করেছেন হৃদয়-লিটনের কথা। ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘হৃদয় সম্পর্কে আমরা আগে থেকেই জানি। সে ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি (৩৫০*) করেছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দারুণ খেলেছে। এখন সে বেশ ভালো ফর্মে রয়েছে। হৃদয় ও লিটন দুটি বড় উইকেট আমাদের জন্য। তাদের একদমই হালকাভাবে নিচ্ছি না। বোলাররা পরের ম্যাচে তাদের জবাব দিতে প্রস্তুত। বাকিটা দেখা যাক।’

প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং নিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে বড় জুটি গড়ার সুযোগ আর দিতে চায় না তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম বলেন, ‘তারা খুব ভালো ব্যাটিং করেছে (জোহানেসবার্গে)। প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছে। মাঝে বড় একটি জুটিও গড়েছে। এবার আমরা ওই জায়গাটায় জোর দিতে চাই যেন জুটি ভাঙতে পারি। কীভাবে ভাঙব, তা এখনই বলতে পারছি না। তবে আমাদের পরিকল্পনা আছে। সেগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটাই গুরুত্বপূর্ণ। তাদের বিপক্ষে ভালো বোলিং করতে হবে।’

চার পেসার অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ভিয়ান মুলডার ও মার্কো ইয়ানসেনের সঙ্গে সাইমন হারমার স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে তারা। সেঞ্চুরিয়নে আগামীকাল টেস্ট শুরুর আগে তা-ই অনেক আত্মবিশ্বাসী মার্করাম। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘বোলিং আমাদের দলের বড় শক্তি। ব্যাটাররা ভালো রান এনে দিতে পারলে বোলারদের লড়াই করতে সুবিধা হয়। চার পেসারের সঙ্গে একজন স্পিনার খেলাতে পারছি। অর্থাৎ পাঁচ দিনের লড়াইয়ের জন্য সব ধরনের প্রস্তুতিই আছে। বোলিংয়ে আমাদের হাতে ভালো বিকল্প রয়েছে।’

আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করা হয়। দুই পরিবর্তনে একাদশ ঘোষণা করায় সেঞ্চুরিয়নের পিচ যে পেসবান্ধব, সেটা স্পষ্ট বোঝা গেছে। অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ভিয়ান মুলডার, মার্কো ইয়ানসেন—এই চার পেসার আছেন প্রোটিয়াদের একাদশে। যাঁদের মধ্যে ইয়ানসেন, মুলডার ব্যাটিংয়েও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর রাবাদা সেঞ্চুরিয়নে টেস্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী। এই ভেন্যুতে ডেল স্টেইন, রাবাদা ৫৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে।

সেঞ্চুরিয়ানের উইকেট নিয়ে মার্করাম জানিয়েছেন, শুরুতে উইকেট কিছুটা স্লো থাকলেও পরে গতি ও বাউন্স বাড়বে। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘উইকেট সেঞ্চুরিয়ানের স্বাভাবিক উইকেট বলেই মনে হচ্ছে। শুরুতে কিছুটা মন্থর থাকলেও ধীরে ধীরে গতি বাড়বে। পেস ও বাউন্স থাকবে, তবে এখানেও বড় রান করা সম্ভব।’