হোম > খেলা > ক্রিকেট

নাসুমের ১০ উইকেটে সিলেটের ২৩৪ রানের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ছবি: বিসিবি

বগুড়ায় ঘূর্ণিজাদু দেখিয়েছেন নাসুম আহমেদ। পেয়েছেন ১০ উইকেট। তাঁর স্পিন ভেলকিতে হাঁসফাঁস করতে থাকা রাজশাহীর ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। সিলেট জিতেছে হেসেখেলে।

রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসেই নাসুম পেয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও সমান ৫ উইকেট তুলে নিয়েছেন। তাঁর স্পিন ভেলকিতে ২৩৪ রানের দাপুটে জয় পেয়েছে সিলেট। দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তাঁর ঘূর্ণিজাদু দেখানোর দিনে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) অপর দুই ম্যাচ ড্র হয়েছে।

৪৬৩ রানের লক্ষ্যে নেমে আজ শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারে ৪ উইকেটে ৬৩ রান থেকে শুরু করে রাজশাহী। সাত নম্বরে নামা এসএম মেহেরব ৯১ রান করেছেন। ১২২ বলের ইনিংসে মেরেছেন চারটি করে চার ও ছক্কা। তবে স্কোরবোর্ডে ২২৮ রান তুলেই গুটিয়ে যায় রাজশাহী। সিলেটের ২৩৪ রানের জয়ে ম্যাচসেরা নাসুম ১১৫ রানে নিয়েছেন ১০ উইকেট। প্রথম ইনিংসে করেছেন ২৭ রান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। কারণ, সিলেট দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করে ৩১৮ রানে ইনিংস ঘোষণা করে।

রাজশাহীতে অনুষ্ঠিত ঢাকা-খুলনা ম্যাচে রানের বন্যা বয়ে গেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়েছে। প্রথম ইনিংসে ১২৫ ওভারে ৭ উইকেটে ৪৩৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে খুলনা। শেষ ৩ উইকেটে ৮০ রান যোগ করে গুটিয়ে যায় ৫১৩ রানে। খুলনা ব্যাটিং করেছে ১৬০.৪ ওভার। ইনিংস সর্বোচ্চ ১৮২ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ইনিংসে ঢাকা ৩৭ ওভারে ২ উইকেটে ১৭৩ রান করলে শেষ হয়ে যায় ম্যাচ। ড্র হওয়ার ম্যাচে ২১১ রান করে ম্যাচসেরা হয়েছেন তাইবুর রহমান। তাঁর ২৯৪ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২১১ রানের ইনিংসে ঢাকা প্রথম ইনিংসে ১৩৬.১ ওভারে ৯ উইকেটে ৫১৩ রান করে ইনিংস ঘোষণা করে।

খুলনায় রংপুর-চট্টগ্রাম ম্যাচও ড্র হয়েছে। আজ দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে ২ উইকেটে ১৩০ রানে শেষ দিনের খেলা শুরু করে রংপুর। শেষ দিনে খেলা হয়েছে ৬৫ ওভার। ১১২ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান পরই শেষ হয়ে যায় ম্যাচ। সর্বোচ্চ ১৪৫ রান করেন ওপেনার মিম মোসাদ্দেক। তিনিই হয়েছেন ম্যাচসেরা। এর আগে রংপুর প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যাওয়ার পর চট্টগ্রাম করে ৪০৭ রান। চট্টগ্রামও প্রথম ইনিংসে সব উইকেট হারিয়েছে।

এদিকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ময়মনসিংহ পেয়েছে ১০ উইকেটের দাপুটে জয়। ফলোঅনে নামা বরিশাল দ্বিতীয় ইনিংসে ৬৩.৩ ওভারে ৩ উইকেটে ১৩৩ রানে শেষ দিনের খেলা শুরু করে আজ। জাওয়াদ আবরারের সেঞ্চুরি (১০৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ফিফটিতে (৫২) বরিশাল গুটিয়ে যায় ২৫৪ রানে। ২৭ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে জিতে যায় ময়মনসিংহ।

১২৪ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ময়মনসিংহের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এর আগে প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছে ময়মনসিংহ। বরিশাল প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে গেলে ফলোঅনে পাঠানো হয়। হার এড়াতে না পারলেও কোনোরকমে ইনিংস হার এড়িয়েছে বরিশাল।