হোম > খেলা > ক্রিকেট

প্রথম টেস্টের আগে দোয়া চাইলেন মুমিনুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিরিজ শুরুর আগে ফিল্ডিং অনুশীলনে বেশ মনোযোগী বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। ছবি: বিসিবি

প্রায় দুই যুগের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকালে অজিদের বিপক্ষে খেলতে নামবে অতিথিরা। তার আগে দোয়া চাইলেন মুমিনুল হক সৌরভ।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মুমিনুল লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট ফিরেছে! ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের শুভকামনা ও দোয়া চাই।’

আসন্ন সিরিজে স্পষ্ট ফেবারিট অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে দুদল। যেখানে অজিদের জয় পাঁচটি। এর মধ্যে তিনটাতেই ইনিংস ব্যবধানে জিতেছে ক্রিকেটের পরাশক্তিরা। বাকি ম্যাচটা জিতেছে বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে নিজেদের মাঠে হওয়া দুই ম্যাচের সে সিরিজটা ১-১ সমতায় শেষ করেছিল তারা।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তিত বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি সফরকারীরা। ইনিংস ও ৩৫ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। বাকিদের হতাশাজনক ব্যাটিং চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। যদিও প্রস্তুতি ম্যাচের বাজে ব্যাটিংকে কেবল দূর্ঘটনা বলেই মনে হচ্ছে শান্তর কাছে। সে ম্যাচের দুঃস্মৃতি ভুলে গিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখছেন বাংলাদেশ দলপতি।

শান্ত বলেন, ‘সুমন ভাইয়ের সঙ্গে এটা নিয়েই কথা হচ্ছিল যে ২৩ বছর আগের দল এখন আর নাই। তাঁরও বিশ্বাস আছে দলের ওপর। প্রস্তুতি ম্যাচের যে কথা বললেন, এমন ম্যাচ আগেও খেলেছি। খারাপ দিন যেতেই পারে। বিশ্বাস করি এরকম দিন টেস্ট ম্যাচে আসবে না। এই বিশ্বাস আছে। সেটা প্রস্তুতি পর্ব ছিল। কাল থেকে লড়াই শুরু হবে। কীভাবে চ্যালেঞ্জটা নিচ্ছি, এটাই গুরুত্বপূর্ণ।’

ফলাফলের দিকে না তাকিয়ে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য শান্তর, ‘আমরা তো ৫ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। সেশন ধরে ধরে এগোতে চাই। প্রত্যেক সেশন গুরুত্বপূর্ণ। কয় দিনে যাবে এ ধরনের আলোচনা থাকবেই। আমাদের লক্ষ্য থাকবে কত ভালো খেলতে পারি।’