দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে মুখে চোট পেয়েছেন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। নিউ দিল্লি টাইগার্সের ব্যাটার লক্ষয় থারেজার স্ট্রেইট ড্রাইভে আঘাত পাওয়ার পর তাঁকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্পোর্টসকিডা।
গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
সঙ্গে সঙ্গেই মাথায় হাত দিয়ে বসে পড়েন ভরদ্বাজ। ক্রিকেটাররা দ্রুত তাঁর কাছে ভিড় জমান। এ সময় হতভম্ব হয়ে পড়েন সেই শট খেলা থারেজা। শুরুতে আঘাতের গভীরতা বোঝা না গেলেও শারীরিক অবস্থার অবনতি হলে ভরদ্বাজকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর এই আম্পায়ারকে আইসিইউতে পাঠানো হয়।
এটি অবশ্য ভরদ্বাজের প্রথম চোট নয়। এর আগে দিল্লি প্রিমিয়ার লিগেরই একটি ম্যাচে তাঁর কাঁধে বলের আঘাত লেগেছিল।
অঘটনের এই ম্যাচে শেষ হাসি হেসেছে ইস্ট দিল্লি রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে তারা। ওপেনিং জুটিতে ভানশ মেহরা ও অর্পিত রানা ৫.৪ ওভারে যোগ করেন ৬২ রান। মেহরা ২১ বলে ৩৫ ও রানা ২২ বলে ৩৩ রান করেন। পরে মায়াঙ্ক রাওয়াত ২৩ বলে চার ছক্কায় ৪০ ও সূর্যাংশ রায়না ২১ বলে ৩৩ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।
নিউ দিল্লি টাইগার্সের হয়ে রিশাভ শর্মা ৩৪ রানে ৩ উইকেট নেন। লক্ষ্মণ নেন ২ উইকেট।
১৯৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগার্স। ১০.২ ওভারে ৯৪ রানে ৪ উইকেট হারানোর পর অধিনায়ক হিম্মত সিং ও লক্ষয় থারেজা পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন। তবে মায়াঙ্ক রাওয়াত ২০ বলে ৩১ রান করা হিম্মতকে ফিরিয়ে জুটি ভাঙেন।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউ দিল্লি টাইগার্স। শেষ পর্যন্ত ১৫৬ রানে অলআউট হয়ে ৩৬ রানে ম্যাচ হারে তারা।
রাইডার্সের বোলারদের মধ্যে আশিষ ৩২ রানে ৩ উইকেট নেন। মায়াঙ্ক যাদবও ছিলেন কার্যকর; ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট।