প্রথম ইনিংসে ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় ইনিংস হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা নাটকীয় কিছু করতে না পারায় শেষ পর্যন্ত হলোও তাই। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ।
এই হারে ২ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ। এর আগে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ বাঁচানোর ম্যাচে দারুণ কিছুর পরিবর্তে উল্টো আরও বেশি হতাশ করল বাংলাদেশ।
বাংলাদেশের করা ৯১ রানের জবাবে ৪৯৪ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ইনিংস হার ঠেকাতে দ্বিতীয় ইনিংসে ৪০৪ রান করতে হতো বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অতিথিরা গুটিয়ে গেছে ১৮৪ রানেই।
পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। ২৯ রান করে তামিম মুল্ডারের বলে রায়ান রিকেলটনের হাতে ধরা পড়লে এই জুটি ভাঙে। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তামিমের বিদায়ের পরপরই ফেরেন মুমিনুল হক। রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ ব্যাটার।
রবিন, শান্ত, তাওহীদ হৃদয়রা উইকেটে টিকে গেলেও দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশও পারেনি ইনিংস হার ঠেকাতে। ৩৩ বলে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেও সমালোচনার খোরাক জুগিয়েছেন হৃদয়। খেয়ালখুশি মতো ব্যাট না কররে তাঁর ইনিংসটা আরও বড় হতে পারতো। ১০১ বল খেলা শান্ত ধৈর্যের পরিচয় দিলেও ৩৪ রানেই কাটা পড়ে অধিনায়কের ইনিংস। আম্পায়ার্স কলে আউট হওয়ার আগে ৩৮ রান এনে দেন রবিন।
এই টেস্টে এক মুল্ডারের কাছেই হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ১০০ রান। এবার বাংলাদেশকে অলআউটের পথে ৩১ রান খরচায় ঝুলিতে পুরেছেন ৭ উইকেট। এটা এই অলরাউন্ডারের ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে।